খেলার কথা বলে রায়হানকে চরে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের হাসপাতালপাড়ার স্কুলছাত্র সাদ মোহাম্মদ রায়হান হত্যাকাণ্ডে পাঁচজন জড়িত ছিল। খেলা ও পুরস্কারের লোভ দেখিয়ে রায়হানকে লালমনিরহাটের চরে নিয়ে যাওয়া হয়। হত্যা করা হবে বুঝতে পেরে রায়হান তাদের পা ধরে কান্নাকাটি করে। রায়হানদের বাড়ির ভাড়াটের ছেলে শামীমুল আহমেদ ওরফে সাগর গত বৃহস্পতিবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল সকাল ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের বিক্ষোভ সমাবেশ করে। পরে তাঁরা একই দাবিতে জেলা প্রশাসক এ বি এম আজাদ ও পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডের কাছে সঞ্চারকলিপি পেশ করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে সোহেল হোসনাইন কায়কোবাদ, শেখ রিয়াজুল হক ও দুলাল বক্তব্য দেন। দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সর্বস্তরের মানুষ মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, রায়হানের বাবা এরশাদুল হক প্রমুখ বক্তব্য দেন।
কুড়িগ্রাম শহরের হাসপাতালপাড়ার ব্যবসায়ী এরশাদুল হকের বড় ছেলে রায়হান (১৩) কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। গত শনিবার খেলার কথা বলে বাসা থেকে রায়হানকে ডেকে নিয়ে যায় সাগর। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মুঠোফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নজরুলের স্ত্রী ঝরনা ও সাগরকে আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে লালমনিরহাটের মোগলহাট এলাকার ধরলাচর থেকে রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই এরশাদুল সদর থানায় হত্যা মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়ার পর সাগর বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু খান শাহিন কনকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে বলে, এই হত্যাকাণ্ডে সেসহ পাঁচজন জড়িত ছিল। খেলা ও পুরস্কারের লোভ দেখিয়ে তারা রায়হানকে লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাটের ধরলা নদীর চরে নিয়ে যায়। হত্যা করা হবে বুঝতে পেরে রায়হান তার পা ধরে অনেক কান্নাকাটি করে। কিন্তু সে ও তার চার সহযোগী ছুরি দিয়ে গলা কেটে রায়হানকে হত্যা করে। সদর থানার ওসি আবদুল বাতেন মিয়া জানান, অপহরণ ও হত্যার সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চক্র। এর মূল হোতাকে খুঁজছে পুলিশ।