খেলার ছলে ট্রেনে উঠে...
খেলার ছলে ট্রেনে উঠে হারিয়ে গিয়েছিল ছয় বছর বয়সী ইনামুল হক। দালালের খপ্পরে পড়ে পাচারের সময় হিলি চেকপোস্টে আটকা পড়েছিল ভারতীয় পুলিশের কাছে। এরপর চার বছর পুলিশ হেফাজতে ছিল ছেলেটি। শেষ পর্যন্ত ভারতীয় পুলিশ তাকে বাংলাদেশে হস্তান্তর করার পর শুক্রবার মায়ের কাছে ফিরেছে সে।
ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী গ্রামে। দিনাজপুরের হাকিমপুর থানা-পুলিশের কাছ থেকে সেই শিশু ইনামুলকে এনে মায়ের হাতে তুলে দিয়েছেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হানেফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদ, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হামিদ প্রমুখ।
উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইনামুলদের বাড়ি উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী গ্রামে। বাবা সিহাব উদ্দিন পেশায় একজন কৃষক। মা আমেনা খাতুন গৃহিণী। চার বছর আগে চাটমোহর স্টেশনে খেলতে খেলতে ছেলেটি কোনো এক ট্রেনে উঠে বসে। এরপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ইনামুলের মা আমেনা খাতুন। তিনি বলেন, ‘আমার বুকের মানিক আমার কাছে ফিরে আইছে। আজ আমার চাইতি সুখী মানুষ আর নাই।’ তবে ইনামুল হক তেমন কিছু বলতে পারেনি। শুধু জানিয়েছে পুলিশের কাছে ছিল সে। আর কিছু মনে নেই।
ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন জানান, ছেলেটির হারিয়ে যাওয়ার খবর জানার পর তিনি বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। শেষ পর্যন্ত জানতে পারেন ছেলেটি ভারতীয় পুলিশের হেফাজতে আছে। পরে বিভিন্নভাবে যোগাযোগ ও তথ্য প্রমাণ সরবরাহ করা হলে ভারতীয় পুলিশ ছেলেটিকে বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করে। সেখান থেকে তাকে এনে মা বাবার কাছে তুলে দেওয়া হয়।