খেলার টিকিট না পেয়ে কাউন্টারে আগুন, ভাঙচুর
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট খেলার টিকিট না পেয়ে গতকাল বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত কাউন্টারে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ সমর্থকেরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে টিকিট না পেয়ে কয়েক শ ক্ষুব্ধ দর্শক মিরপুর ৬ নম্বর সেকশনে ইনডোর স্টেডিয়ামে স্থাপিত টিনের ছাউনির টিকিট কাউন্টারে আগুন দেয়। তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। টিকিট কালোবাজারির অভিযোগে সুমন নামের এক যুবককে পিটুনিও দেয় জনতা। পুলিশ জনরোষ থেকে তাঁকে উদ্ধার করে।বিক্ষোভকারীরা এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১১ নম্বর পর্যন্ত প্রধান সড়কে ১০-১২টি যানবাহন ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পুলিশও লাঠিপেটা করে। বিক্ষোভকারীরা মিরপুর অরিজিন্যাল ১০ নম্বরে পুলিশ বক্সে আগুন দিতে গেলে কর্তব্যরত সার্জেন্ট ফজলুর রহমান বাধা দেওয়ার চেষ্টা করেন। ক্ষুব্ধ জনতা ফজলুরকে মারধর করে তাঁর মোটরসাইকেলে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।প্রায় এক ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় মিরপুর ১০ নম্বর থেকে ১১ নম্বর সড়কের পশ্চিম পাশের অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। সংঘর্ষ ও লাঠিপেটায় সার্জেন্ট ফজলুরসহ অন্তত আটজন আহত হয়েছেন।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও টিকিট কালোবাজারির ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।টিকিট কিনতে আসা শরীফ হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের খেলা দেখতে তীব্র শীত উপেক্ষা করে মঙ্গলবার রাত থেকে কয়েক শ মানুষ সারিবদ্ধভাবে টিকিট কাউন্টারের সামনে দাঁড়ায়। গতকাল সকাল নয়টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টিকিট বিক্রির ১৫ মিনিট আগে কাউন্টার থেকে বলা হয় ‘টিকিট নেই’। রাত জেগেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায়।