খেলার পরিবেশ নেই মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে

ঘাসহীন মাঠ। চারদিকে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। মাঠের সীমানা দেয়াল ভেঙে স্থানীয় লোকজন নিজেদের সুবিধামতো চলাচলের পথ বানিয়েছেন। মাঠে চরে বেড়াচ্ছে গরু-ছাগল। এক পাশের গোলপোস্টে দুটি গরু বাঁধা।
মহাখালীর কড়াইল এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাঠটির এমনই দুরবস্থা, যা মহাখালী টিঅ্যান্ডটি মাঠ নামেই পরিচিত। মাঠটির চারপাশ ঘিরে থাকা কড়াইল বস্তির লোকজনের অবাধ বিচরণের কারণে মাঠের এমন অবস্থা বলে রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন।
গতকাল বুধবার দেখা যায়, মাঠে তিনটি প্রবেশপথ। মূল প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা। দুর্গন্ধ ছড়াচ্ছে। লোকজন প্রকাশ্যে সেখানে প্রস্রাব করছে। রুক্ষ মাঠে ধুলা উড়ছে। তার মধ্যেই আশপাশের এলাকার ছেলেমেয়েরা খেলছে। মাঠের এক পাশে গড়ে উঠেছে সাইকেলের গ্যারেজ।
সীমানাপ্রাচীরের কয়েক জায়গা থেকে ইট খুলে গেছে। মাঠের দক্ষিণ পাশের সীমানা দেয়াল ভেঙে মাঠের পেছনের এলাকার লোকজন চলাচলের পথ করেছেন। পুরো প্রাচীরে লেপ, তোশক, কাপড়চোপড় শুকাতে দেওয়া। মাঠে জমে থাকা ময়লায় আগুন ধরানো হয়েছে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার, পলিথিন পোড়া কটু গন্ধ। এর পাশে বসেই বস্তির কয়েকটি ছোট ছেলেমেয়ে বসে খেলছে।
ক্রিকেট খেলতে আসা মো. খালেদ বলল, ‘মাঠ আছে তাই খেলতে পারতেছি। কিন্তু ধুলায় বল ঠিকমতো দেখা যায় না। ময়লার গন্ধ। কিন্তু মাঠ সুন্দর করলে তো আমাদের আর ঢুকতে দেবে না। মাঠের যত্ন নিক এবং আমরা যাতে খেলতে পারি, সে ব্যবস্থাও করুক।’ মাঠের এক পাশে আছে আনসার ক্যাম্প। আনসার ক্যাম্পের পাশে কয়েকটি গাছ আছে। সেগুলোর প্রতিটিতে গরু-ছাগল বাঁধা। গোলপোস্টের সঙ্গেও দুটি গরু বাঁধা। আরও কয়েকটি মাঠের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মাঠটি নানা সময়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবারের ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির পশু জবাইয়ের জায়গার তালিকায় ছিল মাঠটি।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের রক্ষণাবেক্ষণ বিভাগ-২-এর বিভাগীয় প্রকৌশলী মো. শাহীন ইকবাল প্রথম আলোকে বলেন, মাঠের চারপাশে কড়াইল বস্তি এলাকা। বস্তির লোকজন মাঠে ময়লা-আবর্জনা ফেলেন। দেয়াল ভেঙে তাঁরা নিজেদের চলার ব্যবস্থা করেছেন। মাঠের চারপাশে নতুন করে দেয়াল তোলার জন্য প্রধান কার্যালয়ে আবেদন পাঠানো হয়েছে।