খেলার মাঠ থেকে নির্বাচনী মাঠে­

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির। একই পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে। একজন নৌকা অপরজন ধানের শীষ প্রতীক নিয়ে এখন প্রচারণায় ব্যস্ত। দুই ক্রীড়া সংগঠকই এখন নির্বাচনের মাঠে স্ব-স্ব প্রতীকের পক্ষে ভোট চাইছেন।
আইনজীবী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বর্তমানে জেলা যুবলীগের সভাপতি। এ ছাড়া তিনি বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার শাহ আবদুল হামিদের নাতি ও সাবেক সাংসদ জাহাঙ্গীর কবিরের ছেলে। ক্রীড়া সংস্থা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। জানতে চাইলে শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, দল ক্ষমতায়। তাই দলীয় মেয়র নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন বেশি হবে। তিনি নির্বাচিত হলে পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নসহ আধুনিক পৌরসভা গড়ে তুলবেন।
শহিদুজ্জামান বর্তমানে শহর বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। তিনি সাবেক মহুকুমা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সদর উপজেলার বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম সুলতান আলী সরকরের ছেলে। শহিদুজ্জামান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে কাজ করে আসছি। নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত হবে।’