খেলার মাঠ দখল করে ভাড়া-'বাণিজ্য'
নাটোরের বড়াইগ্রাম পৌর এলাকার মৌখাড়া হাটসংলগ্ন সরকারি খেলার মাঠ দখল করে নির্মাণ করা হয়েছে দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তাতেও ক্ষান্ত হয়নি ওই প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ। তাঁরা খেলার মাঠের বাকি অংশ ও শ্রেণীকক্ষ ভাড়া দিয়ে আয়ও করছে।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ ও মৌখাড়া সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুস ভাড়া-বাণিজ্যের কথা স্বীকার করে বলেন, ‘আমি এখানে হাট বসানো ও ঘর ভাড়া দেওয়ার বিপক্ষে। যাঁরা এর সুবিধা ভোগ করছেন, তাঁরা সবাই স্থানীয় প্রভাবশালী। আমার পক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না।’
স্থানীয় ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৌখাড়া বাজারসংলগ্ন ২১৮ শতক জমি হাল খতিয়ানে খেলার মাঠ হিসেবে প্রকাশিত আছে। কয়েক যুগ ধরে এলাকার তরুণেরা এখানে খেলাধুলা করে আসছে। খেলার মাঠ কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক ক্লাব ও সংঘ। মাঠের পূর্ব পাশের জমি দখল করে নির্মাণ করা হয়েছে মৌখাড়া সিনিয়র আলিম মাদ্রাসা। আর পশ্চিম পাশের জমি দখল করে নির্মাণ করা হয়েছে মৌখাড়া উচ্চবিদ্যালয়। সরকারি কাগজপত্রে এখানে এই দুটি প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই। সর্বশেষ গত রোববার (২৯ সেপ্টেম্বর) নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস ওই মাঠে মাদ্রাসার জন্য আরও একটি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর সকালে ওই মাঠে ঢুকতেই দেখা গেল, হাজারো ক্রেতা-বিক্রেতার জমায়েত। সকাল আটটা নাগাদ মাঠটি অজস্র ভটভটি, নছিমন, করিমন, ট্রাক আর মানুষে ভরে ওঠে। বিক্রির জন্য রসুন, পেঁয়াজসহ নানা ফসল এবং বাঁশ ও বাঁশের দিয়ে তৈরি নানা পণ্য স্তূপ করে রাখা হয়েছে। মাঠ ছাড়াও এসব পণ্য স্তূপ করে রাখা হয়েছে মাদ্রাসা ও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও বারান্দায়। বারান্দায় শিক্ষকদের টেবিল-চেয়ার নিয়ে হিসাব কষছেন আড়তদারেরা। দুপুর গড়াতেই শুরু হয়ে যায় বিক্রীত মালামাল যানবাহনে সাজানোর কাজ। রাত অবধি শতাধিক যানবাহন এসব মাল নিয়ে মাঠ ছাড়ে। যানবাহনের দাপাদাপিতে ইতিমধ্যে মাঠের অধিকাংশ জায়গা খেলার অনুপযোগী হয়ে পড়েছে।
মাদ্রাসার ভাড়াটে ঈমান আলী বলেন, ‘বছরে ১৪ হাজার টাকা ভাড়া দিয়ে মাদ্রাসার একটি টিনশেড ঘর নিয়েছি। আমার মতো অন্তত ২০ জন ভাড়া নিয়েছেন।’
মৌখাড়া বাজারের ইজারাদারের প্রতিনিধি আবদুস সোবহান বলেন, ‘জায়গার অভাবে ব্যবসায়ীরা খেলার মাঠে দোকান বসান। এ জন্য আমরা মাদ্রাসা ও হাইস্কুলকে প্রতিবছর ১৫ হাজার টাকা করে দিই।’ মৌখাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমজাদ হুসাইন বছরে ১০ হাজার টাকা গ্রহণের কথা স্বীকার করে বলেন, এই টাকা দিয়ে মাদ্রাসার বেঞ্চ বানানো হয়। মাদ্রাসার নিজস্ব জমি না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এলাকার মুরব্বিরা এখানে মাদ্রাসা করেছেন। আমরা ধারাবাহিকতা রক্ষা করছি। ভাড়া বাবদ যা পাওয়া যায়, তা দিয়ে মাদ্রাসার উন্নয়ন করে থাকি।’
বিদ্যালয়পরিচালনা পর্ষদের সভাপতি আজাহার ফকির বলেন, ‘আমরা কোনো ঘর ভাড়া দিই না। হাট কমিটি ইচ্ছা করে যা দেয়, তা উন্নয়নকাজে লাগানো হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাঠটি সরকারের খাস খতিয়ানভুক্ত। সরকারের অনুমতি না নিয়ে কেউ এখানে প্রতিষ্ঠান নির্মাণ করতে পারেন না বা ভাড়াও দিতে পারেন না। বিষয়টি আগে প্রশাসনের নজরে আসেনি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।