খেলার মাঠ নেই ১৫ প্রাথমিক বিদ্যালয়ে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। মাঠের অভাবে বিদ্যালয়গুলোতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয় না। টিফিন কিংবা অন্য বিরতির সময় তারা শ্রেণিকক্ষে বসেই সময় পার করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচটি ইউনিয়নে ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ১৫টিতে পাকা ভবন থাকলেও খেলার মাঠ নেই। নিয়মানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হলে ৩৩ শতক জায়গার প্রয়োজন। নতুন ভবন নির্মাণ করায় বা জায়গা দখল হয়ে যাওয়ায় এসব বিদ্যালয়ে আর খেলার মাঠ নেই।
উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে কোরানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ৪০৮ জন শিক্ষার্থী আছে। ১০টি কক্ষের তিনটি পাকা ভবনও আছে, কিন্তু খেলার মাঠ নেই। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আশরাফুল আলম বলে, ‘পাশের স্কুলে খেলার মাঠ আছে। আমাদের স্কুলে নাই। মাঠ না থাকায় খেলা করিবার পাই না। টিফিন হইলে ক্লাসে বসি থাকি।’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়শা খাতুন বলে, ‘টিভিত (টেলিভিশনে) দেখি শহরের স্কুলের মেয়েরা ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়। হামার খেলার জায়গা নাই, খেলমো কোনটে।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা বেগম বলেন, বিদ্যালয়ের নামে অন্যত্র জমি আছে। কিন্তু বিদ্যালয়ের কাছে পর্যাপ্ত জায়গা না থাকায় শিশুদের খেলাধুলা করতে সমস্যা হচ্ছে।
চান্দেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫১৩ জন শিক্ষার্থী আছে। ২৫ শতক জমির ওপর ১০টি কক্ষের তিনটি পাকা ভবন ও শৌচাগার নির্মাণ করা হয়েছে, কিন্তু খেলার মাঠ নেই। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মমেনা খাতুন বলে, ‘স্কুলের বারান্দা দিয়ে কষ্ট করি শ্রেণিকক্ষে যাতায়াত করতে হয়। মাঠ না থাকায় খেলা করতেও পারি না।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আফরোজ বলেন, বিদ্যালয়ের নামে থাকা এক একর চার শতক জমির মধ্যে ৭৯ শতক বেদখল হয়ে গেছে। জমি উদ্ধারের জন্য মামলা করা হয়েছে।
সুড়ুঙ্গের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ১৫ শতক জমির ওপর দোতলা একটি ও আধা পাকা আরেকটি ভবন আছে। বিদ্যালয়টিতে ৩৮০ জন শিক্ষার্থীর জন্য খেলার মাঠ নেই। এমনকি অ্যাসেম্বলি বা জাতীয় সংগীত গাওয়ার জন্য জায়গা নেই।
প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, মাঠের অভাবে শিশুরা খেলাধুলা করতে না পারায় উপজেলা পর্যায়ের কোনো খেলায় অংশগ্রহণ করার সুযোগ হয় না। জাতীয় সংগীত স্কুলের বারান্দায় গাইতে হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মাঝেরহাট, হাজীপুর, চকতাহিরা, উত্তর হাজীপুর, উজিয়াল ডাক্তারপাড়া, নেকিরহাট, হাড়িয়ারকুঠি-১, হাড়িয়ারকুঠি-২, দোয়ালিপাড়া-১, জমেরঘাট, পলাশবাড়ী ও মাঝপাড়া ইকরচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের নিজস্ব ভবন ছাড়া কোনো জায়গা নেই।
তারাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, ১৫টি বিদ্যালয়ে মাঠ না থাকার বিষয়টি তাঁদের জানা আছে। এ নিয়ে শিক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিকল্পনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব।’