খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর এলাকার আজাদ বখত উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ফিরে পাওয়ার দাবি জানিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী।খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে গত রোববার বিকেলে আজাদ বখত উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আজাদ বখত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান, শিক্ষানুরাগী মনীন্দ্রলাল পোদ্দার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. শাহজাহান, হাজি ছাবু মিয়া, আনছার উদ্দিন, নজরুল ইসলাম, থিয়েটার পাঠশালার সম্পাদক আবদুস সামাদ আজাদ, রুমন আহমদ, সামুন আলী প্রমুখ।বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, বিদ্যালয়ের মাঠটি তাদের দখলে থাকাবস্থায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর টিসিবিকে মাঠটি ইজারা দিয়েছে। এতে করে বিদ্যালয়ের মাঠটি হাতছাড়া হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।শেরপুর আজাদ বখত উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান গতকাল সোমবার বলেন, ‘মাঠে শুকনো মৌসুমে খেলাধুলা চলে। কিন্তু বর্ষার সময় গর্তের কারণে খেলাধুলার পরিবেশ থাকে না। এ জন্য বর্ষায় সদর উপজেলার মৎস্য বিভাগকে দুই মাসের জন্য মাছের রেণু ফোটাতে মাঠটি ইজারা দেওয়া হয়েছে। শুকনো মৌসুমে গর্ত ভরাট করার পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন সওজ বিদ্যালয়ের এ মাঠটি টিসিবিকে ইজারা দিয়েছে। ভুলক্রমে বিদ্যালয়ের মাঠটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নামে রেকর্ড হয়ে গিয়েছিল।’ জানা গেছে, বিদ্যালয়ে প্রায় এক হাজার ২০০ ছাত্রছাত্রী রয়েছে।সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত গতকাল বলেন, ‘স্কুলের মাঠ ইজারা দেওয়ার নিয়ম নেই। ইজারার কথা আমার জানা নেই। আমি বাইরে আছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’