চট্টগ্রাম নগরের মাঠগুলো খেলা ছাড়া অন্য কোনো কাজে যাতে ব্যবহার করা না হয় সে জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, নগরে খেলার মাঠের সংকট রয়েছে। যেগুলো আছে সেখানেও বছরজুড়ে বিভিন্ন মেলা হয়। ফলে ছেলেমেয়েরা খেলাধুলার নির্মল আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে হলে মাঠগুলোকে খেলাধুলার জন্য উন্মুক্ত করতে হবে।
গতকাল শনিবার সকালে ‘ডোপিং-বিরোধী শিক্ষা ও সচেতনতামূলক কর্মশালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
কর্মশালায় মেয়র বলেন, একজন খেলোয়াড় একটি দেশের প্রতিনিধিত্ব করেন। ডোপিংয়ের কারণে একজন খেলোয়াড় কিছুটা সময়ের জন্য ভালো পারফরম্যান্স করতে পারেন। কিন্তু এতে করে তিনি শুধু নিজেকে নন, পুরো দেশ ও জাতিকে কলঙ্কিত করেন। এ ধরনের কর্মশালা খেলোয়াড়দের মধ্যে ডোপিংয়ের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করবে।
কর্মশালায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব ওমর ফারুক চৌধুরী ও রঞ্জিত কুমার দাশ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যান্টি ডোপিং কমিটির সদস্যসচিব শফিকুর রহমান।