খেলার মাঠে খেলার পরিবেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশনের খেলার মাঠগুলোর বেহাল অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হয় মাঠগুলোর নজরদারি করার কেউ নেই। খেলার মাঠে নেই খেলাধুলার পরিবেশ।
এই দুই সংস্থার তত্ত্বাবধানে থাকা প্রায় প্রতিটি মাঠ ঘুরে দেখা গেছে, কয়েকটি মাঠ, যেগুলো নামেই মাঠ। ঘাস নেই, অসমতল ভূমিতে পড়ে আছে ইট-কাঠসহ নির্মাণসামগ্রী। কয়েকটির সীমানাপ্রাচীর নেই। মেলা, প্রদর্শনী, কোরবানির পশুর হাটসহ নানাভাবে মাঠগুলো ব্যবহার করা হয়। সন্ধ্যা হলেই কয়েকটি মাঠে জমে ওঠে মাদকের ব্যবসা।
সরকারের আনুকূল্যে গত তিন বছরে কেবল একটি মাঠে (শেখ জামাল) অঢেল অর্থ ঢালা হলেও বেশির ভাগ মাঠ রক্ষণাবেক্ষণে ব্যয় নেই। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, দুই সিটি করপোরেশনের সুশাসনের অভাবেই এই দুর্দশা।
সংখ্যাবিভ্রাট: দুই সিটি করপোরেশনের অধীনে কতগুলো খেলার মাঠ আছে তার সঠিক সংখ্যা তাদের কাছে নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ তাদের অধীনে থাকা ১০টি মাঠের তালিকা দেয়। এগুলো হলো—ধূপখোলা মাঠ, গোলাপবাগ মাঠ, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খেলার মাঠ, বাংলাদেশ মাঠ, মরহুম হাজি আলম ঈদগাহ মাঠ, বালুর মাঠ, ঈদগাহ মাঠ, লালবাগ শ্মশান খেলার মাঠ, ধানমন্ডি খেলার মাঠ, কলবাগান খেলার মাঠ ও খিলগাঁও খেলার মাঠ।
তবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ১২টি খেলার মাঠের তালিকা দেন। এই তালিকায় গজমহল খেলার মাঠ, হাজারীবাগ খেলার মাঠ, দেলওয়ার হোসেন খেলার মাঠ, আমলিগোলা খেলার মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ ও সামসাবাদ খেলার মাঠ নামে ছয়টি নতুন মাঠের নাম ছিল। সম্পত্তি বিভাগের তালিকায় এই মাঠের নাম এখানে নেই।
আবার ডিএসসিসির ওয়েবসাইটে ১১টি মাঠের উল্লেখ আছে। এই তালিকায় বাসাবো, বনানী, গুলশান—এ তিনটি নতুন মাঠের নাম পাওয়া যায়।
এই সংখ্যাবিভ্রাট নিয়ে আনসার আলী খান বলেন, তালিকাটি ঠিক হওয়া দরকার। পার্ককেও মাঠ হিসেবে দেখানোয় তালিকায় ভিন্নতা দেখা যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাঠের তালিকার আরও বেহাল। সম্পত্তি বিভাগ থেকে প্রথমে যে তালিকা দেওয়া হয় তাতে তিনটি মাঠের উল্লেখ পাওয়া যায়। সেগুলো হলো—মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠ, সলিমুল্লাহ রোডের খেলার মাঠ এবং বনানী খেলার মাঠ। পরে ডিএসসিসির পরিবেশ সার্কেলের প্রধান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ এর সঙ্গে উত্তরার একটি মাঠের নাম উল্লেখ করেন। জাকির হোসেন রোডের কাছেই মোহাম্মদপুর টাউন হলের পাশে শহীদ পার্ক খেলার মাঠের ফটকে এখনো সিটি করপোরেশনের নামটি লেখা আছে। স্থানীয়রাও এই মাঠকে সিটি করপোরেশনের মাঠ নামেই চেনেন। বিষয়টি উল্লেখ করলে তারিক বিন ইউসুফ বলেন, ‘আসলে আমাদের কাছে মাঠের পূর্ণাঙ্গ তালিকা নেই।’ ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাত্র দুই মাস হলো দায়িত্ব নিয়েছেন। তাই মাঠের সঠিক সংখ্যা তাঁর কাছে নেই বলে জানান।