খেলার মাঠে চারা রোপণের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে একটি খেলার মাঠে বন বিভাগ চারা রোপণ করেছে। গত সোমবার উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় অবস্থিত ওই মাঠে তারা চারা রোপণ করে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৯ সালে আড়ালিয়াপাড়া এলাকার লোকজন জঙ্গল পরিষ্কার করে প্রায় দেড় একর জমিতে একটি খেলার মাঠ তৈরি করেন। সেই থেকে ওই মাঠে এলাকার ছেলেরা নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করছে। বছর পাঁচেক আগে এলাকাবাসী ওই খেলার মাঠের নাম দেয় ‘বঙ্গবন্ধু ময়দান’। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত একটি সাইনবোর্ডও লাগানো হয়। কিন্তু ওই সাইনবোর্ড ভেঙে ওই মাঠে চারা রোপণ করার অভিযোগ এনে স্থানীয় আওয়ামী লীগ গতকাল বুধবার বিকেলে নলুয়া বাজারে অবস্থিত যাদবপুর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে এ সমাবেশ করেছে। তবে বন বিভাগ দাবি করেছে, নলুয়া মৌজার আড়ালিয়াপাড়া এলাকার ১ নম্বর দাগে কোনো খেলার মাঠ ছিল না। সম্প্রতি ওই এলাকার কিছু লোক বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে সাইনবোর্ড টাঙিয়ে জমিটি দখলের চেষ্টা করেছিলেন। ওই ১ নম্বর দাগের ২১ নম্বর প্লটের উপকারভোগী হলেন স্থানীয় আফসার খান।
কিন্তু নলুয়া গ্রামের সেলিম নামের এক যুবক বন বিভাগের ওই দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ওই মাঠে ফুটবল খেলতাম। মাঝেমধ্যে এখানে গানের আসরও হতো।’
নলুয়া গ্রামের বাসিন্দা ও মাঠের রক্ষণাবেক্ষণকারী মুজিবর রহমান বলেন, শিক্ষার একটি অংশ হচ্ছে খেলা। জমিটিতে চারা রোপণ করায় এলাকার ছেলেদের খেলাধুলার আর কোনো সুযোগ থাকল না।
ওই প্লটের উপকারভোগী আফসার খান বলেন, ‘ওই প্লটটি ১৯৯২-৯৩ অর্থবছরে বন বিভাগ আমার নামে বরাদ্দ দেয়। ওই প্লটের মধ্যে কিছু অংশে গাছ না থাকায় এলাকার ছোট ছেলেমেয়েরা ওখানে খেলাধুলা করেছে।’
স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ওই এলাকায় খেলাধুলার জন্য কোনো মাঠ না থাকায় প্রায় দেড় যুগ আগে স্থানীয় লোকজন জঙ্গল পরিষ্কার করে এ মাঠটি তৈরি করেছিলেন। জমিটি বন বিভাগের হলেও ওই মাঠটি দখল করে চারা রোপণ করা ঠিক হয়নি।
টাঙ্গাইল বন বিভাগের নলুয়া বিট কর্মকর্তা আলাল খান বলেন, ‘ওই গ্রামের কতিপয় লোক ওই জমিটি দখলের কৌশল হিসেবে বঙ্গবন্ধু ময়দান লিখে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছিল। আমি ওই সাইনবোর্ডটি সম্মানের সঙ্গে খুলে এনে কার্যালয়ে যত্ন করে রেখে দিয়েছি।’