খেলার মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ, শিশুদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় গতকাল শুক্রবার একটি খেলার মাঠ ট্রাক্টর দিয়ে হালচাষ করা হয়েছে। এর প্রতিবাদে কয়েক শ শিশু-কিশোর ও তাদের অভিভাবক ওই মাঠে মানববন্ধন করেন। পরে তাঁরা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল করেন।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর ধরে এই মাঠে এলাকার শিশুরা খেলাধুলা করে আসছে। গত ১০-১৫ বছর ধরে বিভিন্ন জাতীয় দিবসে মাঠে শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু গতকাল ভোরে ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করা, এবং বোলডোজার চালানো হয়। পরে খবর পেয়ে এলাকার কয়েক শ শিশু ও তাদের অভিভাবক মাঠে মানববন্ধন করেন। কিন্তু একপর্যায়ে পুলিশ শিশু ও তাদের অভিভাবকদের বুঝিয়ে মাঠ থেকে সরিয়ে দেয়। এরপর শিশুরা মাঠের পাশে সড়কে—‘খেলতে চাই, খেলার মাঠ চাই, আমাদের মাঠ ফিরিয়ে দাও’ প্রভৃতি স্লোগানে মিছিল করে। রাসেল, মিশু, মাশুক, গৌতম, রাখাল, আলমগীর, সোলেমানসহ বেশ কয়েকটি শিশু বলে, ‘এই এলাকায় আর কোনো মাঠ নেই। এ মাঠে আমরা ক্রিকেট ও ফুটবল খেলেছি। এখন কোথায় খেলব?’ফিনলে চা-বাগানের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ফুলছড়া মৌজায় প্রায় ১০ একর সমতল ভূমি পরিত্যক্ত থাকায় এলাকার শিশুরা এতদিন খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। এই ভূমি ফিনলের ফুলছড়া চা বাগানের ইজারার অন্তর্ভুক্ত। সম্প্রতি জেলা প্রশাসন প্রায় পাঁচ একর ভূমির ইজারা বাতিল করে পর্যটন মোটেল করার জন্য পর্যটন করপোরেশনকে দেয়।নাম প্রকাশ না করার শর্তে চা-বাগানের ক’জন কর্মচারী প্রথম আলোকে জানায়, অবশিষ্ট জমি পরিত্যক্ত থাকলে জেলা প্রশাসন সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান বা দপ্তরকে দিতে পারে—এই আশঙ্কা থেকেই ফিনলে কর্তৃপক্ষ তাড়াহুড়া করে মাঠটিতে ট্রাক্টর চালায়।নাম প্রকাশ না করার শর্তে ফিনলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাঠটি তাঁদের ইজারা নেওয়া ভূমির মধ্যে রয়েছে। এটি এতদিন পরিত্যক্ত ছিল, তাই শিশুরা খেলত। এখন মাঠটি চাষের আওতায় আনা হচ্ছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ দিয়ে শিশু ও তাদের অভিভাবকদের শান্ত করা গেছে।