খেলার মাঠে দোকান বরাদ্দের দরপত্র বাতিলের দাবি
লালমনিরহাট শহরের রেলওয়ে ড্রাইভারপাড়া ও নিউ কলোনির খেলার মাঠে বিপণিবিতানের জন্য দোকান বরাদ্দের দরপত্র বাতিলের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে রেলবাজার রোডে ওই মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনের আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, রেলওয়ের ওই দুটি খেলার মাঠে এই এলাকাসহ আশপাশের শিশু-কিশোর, তরুণ ও যুবকেরা খেলাধুলা করে। এসব মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। মাঠ দুটিতে ঈদের নামাজ ও এলাকার কেউ মারা গেলে জানাজা হয়। তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো অবস্থায় খেলার মাঠ বন্ধ করে স্থাপনা গড়া যাবে না। লালমনিরহাট রেল কর্তৃপক্ষ ওই নির্দেশনা উপেক্ষা করে মাঠ দুটিতে বিপণিবিতানের জন্য দোকান বরাদ্দের দরপত্র আহ্বান করেছে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মণ্ডল, পৌর আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক আইরিন বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, হাফেজ সুলতান মাহমুদ প্রমুখ।
একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গত ২৮ ফেব্রুয়ারি স্মারকলিপি দেন স্থানীয় লোকজন। এতে স্বাক্ষর করেন পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মেসবাহ উদ্দিন আহমেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবদুল মজিদ মণ্ডল প্রমুখ।