খেলার মাঠে নির্মাণসামগ্রী

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের অদূরে উপজেলা সদরের একমাত্র খেলার মাঠটি হলো বাউফল পাবলিক মাঠ। মাঠটির পূর্ব পাশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী, পশ্চিম পাশে রয়েছে গবাদিপশুর ঘর। এ কারণে খেলার অনুপযোগী হয়ে পড়েছে মাঠটি।
সরেজমিনে দেখা যায়, পূর্ব পাশে রয়েছে পাথর ও বালুর বিশাল স্তূপ। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় চার মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মাঠ দখল করে তাঁর বহুতল ভবনের ওই নির্মাণসামগ্রী রেখেছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্মাণসামগ্রী রাখার মতো নিজস্ব জায়গা নেই। এ কারণে মাঠের এক পাশে তিনি মালপত্র রেখেছেন। কিছুদিনের মধ্যে সরিয়ে ফেলা হবে।
পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল আকৃতির টিনশেড ঘর। ওই ঘরে রাখা হয় গবাদিপশু। আর এর মালিক হলেন মো. আনোয়ার হোসেন মুনশি। তিনি বলেন, ঘরটি খালি পড়ে আছে। তাই তিনি ব্যবহার করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালের শেষের দিকে বাউফল পৌরসভা কর্তৃপক্ষ বাজার এলাকায় বিপণিবিতানের নির্মাণকাজ শুরু করে। তখন পাবলিক মাঠের পশ্চিম পাশ এলাকায় বাজারের জন্য অস্থায়ীভাবে টিনশেড ভবন নির্মাণ করে সেখানে বাজারের কার্যক্রম শুরু হয়। এক বছরের মধ্যে বিপণিবিতানের নির্মাণকাজ শেষ হয় এবং ওই বিপণিবিতানেই আবার বাজারের কার্যক্রম শুরু হয়। কিন্তু অস্থায়ীভাবে নির্মিত টিনশেড ঘরটি দীর্ঘ চার বছরেও সরানো হয়নি। ঘরটি প্রায় চার বছর ধরে গবাদিপশুর ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, মাঠের পশ্চিম পাশে অস্থায়ীভাবে নির্মিত টিনশেড ঘরটি স্থানীয় প্রভাবশালী একটি মহল দখলের পাঁয়তারা করছে। এ কারণে তিনি অল্প সময়ের মধ্যে টিনশেড ঘরটি উচ্ছেদের দাবি জানান।
বাউফল ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, জনসাধারণের সুবিধার্থে বিপণিবিতান নির্মাণকালে বাজার বসানোর জন্য অস্থায়ীভাবে মাঠের পশ্চিম পাশে টিনশেড ঘর নির্মাণ করা হয়। বিপণিবিতান নির্মাণের পর ২০১৩ সালের শুরুর দিকে বাজার সরিয়ে আগের জায়গায় নেওয়া হলেও দীর্ঘ চার বছরেও অস্থায়ীভাবে নির্মিত সেই টিনশেডটি সরানো হয়নি। সেখানে এখন গবাদিপশু রাখা হয়। আবার কোনো প্রকার অনুমতি ছাড়াই মাঠ দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এতে যেমন মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে এবং পাশাপাশি খেলার পরিবেশও বিপন্ন হতে চলেছে।
স্থানীয় খেলোয়াড় মো. বাদল বলেন, প্রতিবছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও মাঠের মধ্যে গবাদিপশুর খামার ও মাঠ দখল করে নির্মাণসামগ্রী রাখার কারণে তিন-চার বছর ধরে কোনো টুর্নামেন্টের আয়োজন করা যাচ্ছে না। মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। অথচ তা দেখার কেউ নেই।
এ বিষয়ে উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, টিনশেড ঘরটি সরিয়ে নেওয়ার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যে টিনশেড ঘরটি সরিয়ে নেওয়া না হলে উচ্ছেদ করা হবে। পাশাপাশি পাবলিক মাঠের চারপাশের সব অবৈধ স্থাপনা ও দখল অপসারণের জন্যও শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।
বাউফল পৌরসভার সহকারী প্রকৌশলী মু. আতিকুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে টিনশেড ঘরটি সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।