খেলার মাঠে পশুর অবৈধ হাট
সিলেটের শাহী ঈদগাহ এলাকার খেলার মাঠে কোরবানির পশুর অবৈধ হাট বসানো হয়েছে। গতকাল শুক্রবার থেকে হাটে গরু-ছাগল কেনাবেচা শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, আগাম এককালীন টাকা পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ অবৈধভাবে হাট পরিচালনা করতে দিয়েছেন। তবে উপজেলা চেয়ারম্যানের দাবি, নিজের স্বার্থে নয়, এলাকাবাসীর স্বার্থে হাট করতে দিয়েছেন। হাট থেকে আয় করা টাকা খেলার মাঠ সংস্কার ও উন্নয়নে ব্যয় হবে।
খেলার মাঠ উন্নয়ন কমিটির নাম ব্যবহার করে হাট পরিচালনায় আওয়ামী লীগসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা রয়েছেন।
সিলেট সদর উপজেলা পরিষদ ৭ অক্টোবর সদর উপজেলায় অস্থায়ী পশুর হাট বাসানোর দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সদর উপজেলায় লাক্কাতুরা চা-বাগান, টুকেরবাজার ও সিলেট-তামাবিল মহাসড়কের একাংশে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর কথা উল্লেখ রয়েছে। ওই বিজ্ঞপ্তির বাইরে যেকোনো হাট অবৈধ বলেও জানানো হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মনোয়ার মোর্শেদ বলেন, ‘মাঠটির মালিকানা নিয়ে আদালতে একটি মামলা চলছে। তাই গত দুই বছর ধরে এই মাঠটি ইজারা দেওয়া বন্ধ। এ সুযোগে কেউ পশুর হাট বসিয়েছে কি না তা আমাদের জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ করে গত বছর থেকে উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের নির্দেশে শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠে অবৈধভাবে পশুর হাট বসানো হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত এবং এসব দলের অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকেরা যৌথভাবে এ হাট পরিচালনার দায়িত্বে থাকেন।
হাট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাট বসাতে গতবার উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদকে দুই দফায় দুই লাখ টাকা দেওয়া হয়েছিল। এবারও একইভাবে প্রায় দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি মাঠটি ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানকে এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর বাইরে হাট থেকে আয় করা টাকার ২০ শতাংশ পরে তাঁর হাতে দেওয়া হবে। গতকাল সকালে মাঠে গিয়ে দেখা গেছে, বাঁশ ও ত্রিপল টানিয়ে গরু-ছাগলের হাট বসানো হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে একটি তোরণ সাঁটিয়ে হাটের কার্যক্রম শুরুর বিষয়টি মাইকযোগে প্রচার করা হয়। গতকাল পর্যন্ত হাটে দুই শতাধিক পাইকার গরু ও ছাগল নিয়ে এসেছেন। গরু ও ছাগলের ক্ষেত্রে প্রতি হাজারে ৫০ টাকা করে পাইকারদের কাছ থেকে রসিদের মাধ্যমে আদায় করা হচ্ছে।
হাট পরিচালনার সঙ্গে দুজন আওয়ামী লীগ নেতা, সাতজন বিএনপি ও ছাত্রদল নেতা এবং একজন জামায়াত নেতা জড়িত রয়েছেন। এর মধ্যে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন হাটের বৈধতা প্রশ্নে বলেন, ‘স্থানীয়রা বসে এলাকার একমাত্র খেলার মাঠটির উন্নয়ন ও সংস্কারের স্বার্থে হাট বসানো হয়েছে। বৈধ-অবৈধ আমরা নই, উপজেলা চেয়ারম্যান দেখবেন।’
যোগাযোগ করলে উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ জানান, খেলার মাঠ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন থাকায় দরপত্র আহ্বান করে পশুর হাট বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে বৈধ-অবৈধ বিবেচ্য বিষয় নয়। এলাকাবাসীর অনুরোধে এটি করা হয়েছে। এ থেকে আয় হওয়া সব টাকা খেলার মাঠের উন্নয়ন ও সংস্কারে ব্যয় করা হবে।’ গত বছর ও এবার মাঠে হাট বসিয়ে এককালীন টাকা নেওয়ার ব্যাপারে তিনি এক কথায় বলেন, ‘এটা সত্য নয়। আমি কোনো টাকা নিইনি।’
দুর্গাপূজা ও ঈদ উপলক্ষে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত সোমবার মহানগর পুলিশ (এসএমপি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। তখন মহানগর পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, এবার সিলেটে কোনো অবৈধ পশুর হাট করতে দেওয়া হবে না।