খেলার মাঠে পার্ক বানাবেন মন্ত্রী!

আট একরের বিরাট মাঠে চলছে শাকসবজির আবাদ। শীতকালে টমেটো, ফুলকপি ফলে। অন্য সময় নানা জাতের সবজির চাষ হয়। চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি মাঠে বছরজুড়ে চাষবাষ হলেও এটি খেলার মাঠ! এবার এই মাঠে পার্ক বানাতে চান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
দখলদারদের কবলে থাকা মাঠটি সংরক্ষণের জন্য আন্দোলন চালিয়ে আসছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকেরা। দুই দশক আগেও জাম্বুরি মাঠে নিয়মিত চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে পাইওনিয়ার ফুটবল লীগ হতো। সকাল-বিকেল এই মাঠে অনুশীলনের জন্য ভিড় করতেন চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়েরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডান ক্লাবের কর্ণধার সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রথম আলোকে জানান, জাম্বুরি মাঠে কায়সার হামিদ, শেখ আসলাম, এফ আই কামালদের মতো জাতীয় ফুটবলাররা খেলেছেন। চট্টগ্রামের ৮৫টি খেলার ক্লাবের খেলোয়াড়েরা সমন্বয় করে এই মাঠে অনুশীলন করতেন। এখন মাঠের এক পাশে শিশুপার্ক এবং অন্য পাশে সবজিখেত।
জাম্বুরি মাঠের মালিকানা গণপূর্ত বিভাগ। এই মাঠের মোট আয়তন ছিল ১৬ দশমিক ২১ একর। এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকার সময় গণপূর্ত বিভাগের কাছ থেকে জাম্বুরি মাঠের অর্ধেক অংশ ২৫ বছরের জন্য ইজারা নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। পরে সেখানে শিশুপার্ক তৈরি করা হয়। এরপর নজরদারির অভাবে ধীরে ধীরে মাঠের অন্য অংশ দখল করে সবজি চাষ শুরু করে আশপাশের বস্তিবাসীরা।
চট্টগ্রামের খেলার মাঠ সংরক্ষণের জন্য গঠিত ‘খেলার মাঠ রক্ষা কমিটি’ জাম্বুরি মাঠের সবজিখেত উচ্ছেদ করে মিনি স্টেডিয়াম করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। মাঠ রক্ষার দাবির মধ্যেই গত বছরের ৫ মার্চ চট্টগ্রামে এসে জাম্বুরি মাঠের বাকি অংশকে পার্ক করার ঘোষণা দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এরপর মন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে মাঠ রক্ষা কমিটি গণসমাবেশ, মানববন্ধন, জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
খেলার মাঠ হিসেবে সংরক্ষণ না করে পার্ক করার সিদ্ধান্তের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে গণপূর্তমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগরে মানুষের হাঁটার কোনো জায়গা নেই। অথচ ঢাকায় এ রকম অনেক পার্ক রয়েছে। ঢাকার রমনা পার্কের আদলে এটিকে ‘ওয়াক ওয়ে’ (হাঁটার পথ) বানানোর পরিকল্পনা করেছি। নগরবাসীর স্বার্থে এটি করা হচ্ছে। সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত থাকবে।’
মন্ত্রী জানান, সিটি করপোরেশনকে দেওয়া মাঠের অন্য অংশের ইজারার মেয়াদ শেষ হলে সেটি আর বাড়ানো হবে না। শিশুপার্ক উচ্ছেদ করে তখন সেখানে খেলার মাঠ করা হবে।
তবে মন্ত্রীর এ পরিকল্পনাকে কথার ফুলঝুরি মনে করছেন খেলার মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক ও বিদায়ী কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস। তিনি বলেন, ‘আমরা এখানে পার্ক নয়, খেলার মাঠ চাই। যেখানে শিশু-কিশোরেরা দেহমনে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা করতে পারবে। পার্কের ইজারার মেয়াদ শেষ হবে আরও নয় বছর পরে। এরপর এখানে একটি মাঠ করা হবে—এ ধরনের প্রতিশ্রুতি শুনতে চাই না। মাঠে আমরা পার্ক করতে দেব না।’
এ বিষয়ে চট্টগ্রামের গণপূর্ত সার্কেল-২-এর ৪ নম্বর বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর প্রথম আলোকে জানান, জনবলের অভাবে মাঠটি তদারক করা সম্ভব হয়নি। মাঠের অবকাঠামোগত রূপ পাওয়ার পর এটি রক্ষণাবেক্ষণ করা সহজ হবে। সবার কথা বিবেচনা করে এই মাঠে পার্ক তৈরির জন্য নকশা করা হয়েছে। নকশায় ১৬০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থের একটি খেলার মাঠ ছাড়াও খেলার জন্য আরও তিনটি ছোট মাঠ রাখা হয়েছে। শিশু-কিশোরেরা সেখানে খেলতে পারবে।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, মন্ত্রীর ঘোষণার পর মাঠে পার্ক বানানোর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির ‘উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি)’ এখন পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত।