খেলার মাঠে মাশরাফি ভোটের মাঠে কর্মীরা

নড়াইল-২ আসনে (লোহাগড়া ও সদরের একাংশ) আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ভোটের মাঠে বসে নেই তাঁর কর্মী-সমর্থকেরা। নানাভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তাঁরা।
মাশরাফির প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান গতকাল বৃহস্পতিবার গণসংযোগ শুরু করেছেন। তিনি ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান।
দলীয় সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, মাশরাফির পক্ষে প্রচারণা চালাতে নড়াইল-২ আসনের প্রতিটি উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ হয়েছে। এ ছাড়া বর্ধিত সভা করেছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ অন্যান্য অঙ্গসংগঠন। এ ছাড়া মাশরাফির পক্ষে প্রচার চালাতে পেশাজীবীরা ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি কমিটি করেছেন। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। সেভাবে নির্বাচন কার্যালয়ও তৈরি হয়েছে।
এসব সংগঠন নানা কৌশলে ব্যাপক গণসংযোগ করছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী কর্মীরা উঠান বৈঠকসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তরুণ নারী-পুরুষ ভোটাররা দলে দলে বিভক্ত হয়ে গণসংযোগ করছেন। সাঁটানো হয়েছে পোস্টার, প্রচার হচ্ছে মাইকে।
সচেতন নাগরিক সমাজ নড়াইল জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও আইনজীবী এস এ মতিন বলেন, মাশরাফির দেশের জন্য খেলছেন, আর নড়াইলের সর্বস্তরের মানুষ তাঁর পক্ষে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বলেন, খেলার মাঠে মাশরাফি, ভোটের মাঠে সমর্থকেরা। মাশরাফি ভোটের মাঠে না থাকলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা বিরামহীন কাজ করছেন।
এদিকে গতকাল সকালে ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান তাঁর লোহাগড়ার বাসায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রথম বৈঠক করলেন। বৈঠকের পর তাঁরা লোহাগড়া বাজারে প্রচারপত্র বিলি করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আকরামুজ্জামান মিলু ও জহুরুল কামাল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিকাত সরদার, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।
আকরামুজ্জামান বলেন, গণসংযোগ শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে বৈঠক করা হচ্ছে পরবর্তী করণীয় ঠিক করতে।