খেলার মাঠে সবজির হাট!
বরগুনার বামনা উপজেলা সদরে খেলার মাঠে সবজির হাট বসানো হয়েছে। সবজি বিক্রির নির্দিষ্ট কোনো স্থান না থাকায় ব্যবসায়ীরা এখানে সপ্তাহে দুই দিন হাট বসাচ্ছেন। খেলার মাঠের পাশেই বামনা সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কিন্ডারগার্টেন রয়েছে। হাটের দিন ক্রেতা-বিক্রেতাদের শোরগোলে বিদ্যালয়গুলোয় পাঠদান ব্যাহত হচ্ছে। ময়লা-আবর্জনা জমে থাকায় খেলাধুলা করতেও সমস্যা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরে ২০০৫ সালে জেলা পরিষদের ডাকবাংলোর পুকুর ভরাট করে একটি টংঘর নির্মাণ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। এখানে ধান-চাল ও মাছ বিক্রির জন্য আলাদা জায়গা রয়েছে। তবে সবজি বিক্রির জন্য কোনো জায়গা নেই। এ কারণে শহরের সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠলাগোয়া সৈয়দ রহমত আলী খেলার মাঠে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সবজির হাট বসান ব্যবসায়ীরা। ওই দুই দিন ক্রেতা-বিক্রেতাদের শোরগোলে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়। নিয়মিত পরিষ্কার না করায় মাঠজুড়ে সবজির খোসা ও অন্যান্য ময়লা পড়ে থাকে। এতে এলাকার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করতে পারে না।সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ বলেন, বিদ্যালয়সংলগ্ন খেলার মাঠে হাট বসানোয় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক সমস্যা হয়। জায়গাটি এত নোংরা থাকে যে সেখানে শিক্ষার্থীদের খেলাধুলা করার পরিবেশ থাকে না। তাই খেলার মাঠ থেকে হাটটি অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন।ব্যবসায়ীরা জানান, উপজেলা সদরে একটি মাত্র ছোট টংঘর আছে, সেখানে ধান-চাল ও মাছের বাজার বসে। এ কারণে বিদ্যালয়সংলগ্ন মাঠে বাধ্য হয়ে তাঁদের ব্যবসা করতে হয়। খোলা জায়গায় ও কাদা-জলের মধ্যে হাটটি বসাতে হয় বলে সারা বছর ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে হাটে আসা ক্রেতা-বিক্রেতারাও ভোগান্তি পোহায়।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া শিক্ষক গৌতম চন্দ্র রায় বলেন, এ উপজেলায় বড় মাপের একটি খেলার মাঠই আছে। অথচ কাঁচাবাজার বসায় এটি সব সময় নোংরা হয়ে থাকে। মাঠ থেকে সবজির হাট স্থানান্তরের জন্য উপজেলা সমন্বয় সভায় কয়েক দফা আলোচনা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ী কমিটির নেতারা বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।বামনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, বামনা শহরের প্রাণকেন্দ্রে জায়গাসংকট থাকায় খেলার মাঠে সবজির হাট বসানো হচ্ছে। আসলে এই মাঠে বাজার বসানো উচিত নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, ‘খেলার মাঠে কাঁচাবাজার বসানো ঠিক নয়। আমি এখানে অল্প কয়েক দিন হলো যোগদান করেছি। বিষয়টি দেখে মাঠ থেকে বাজার সরানোর উদ্যোগ নেওয়া হবে।’