খেলার মাঠের আইনগত স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিতভাবে দালানকোঠা নির্মাণ ও দখলের কারণে ঢাকা শহরে কমে যাচ্ছে খেলার মাঠ। আইনগতভাবে খেলার মাঠ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় অবশিষ্টগুলোও  দখলের পাঁয়তারা চলছে। মাঠগুলো রক্ষায় আইনগত স্বীকৃতি অপরিহার্য।

‘খেলার মাঠ রক্ষা ও খেলাধুলার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন ক্রীড়াবিদ ও পরিবেশবাদীরা। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) গতকাল সোমবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, সরকার একদিকে জাতীয় ক্রীড়ার মান উন্নয়নের কথা বলছে, অন্যদিকে নানাভাবে খেলার মাঠসহ খেলাধুলার সুযোগ কমে আসছে। শত শত কোটি টাকা ব্যয়ে কেবল অবকাঠামো তৈরি হচ্ছে। কিন্তু খেলোয়াড় তৈরির কোনো তাগিদ নেই। এসবই আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতার বড় প্রতিবন্ধকতা তৈরি করছে৷

খেলার মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আইন তৈরি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ নিশ্চিত করা, খেলার মাঠে খেলা ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের অনুমতি না দেওয়াসহ সাতটি দাবি তুলে ধরা হয়। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সম্পাদক শামীম খান, ফুটবলার অমিত, পীস কারাতে ফাউন্ডেশনের সভাপতি আতিক মোরশেদ প্রমুখ।