খেলার মাঠের দাবি নিয়ে মাঠে নামব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. লিয়াকত আলী। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: এই মুহূর্তে আপনার ওয়ার্ডের প্রধান সমস্যা কোনটি?

কাউন্সিলর: ওয়ার্ডে একটা কাঁচাবাজার খুব প্রয়োজন। এত বড় একটা ওয়ার্ড, কয়েক লাখ মানুষের বাস, কিন্তু কোনো স্থায়ী বাজার নেই। লোকজনের অনেক অসুবিধা হয়। এলাকায় কোনো খেলার মাঠ নেই, এটাও একটা বড় সমস্যা। একটা কমিউনিটি সেন্টারও প্রয়োজন।

প্রথম আলো: ওয়ার্ডের অনেকে মাদকের সমস্যার কথা বলছেন।

কাউন্সিলর: লোকজন যতখানি বলছে, সমস্যা তার চেয়েও অনেক বেশি ছিল। তবে আমি মনে করি, এখন এটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।

প্রথম আলো: বনশ্রী কল্যাণ সমিতির অনেক সদস্যের অভিযোগ, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তাঁরা বৈষম্যের শিকার। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

কাউন্সিলর: তাঁরা সেখানে বাড়ি করে বসবাস করছেন ২০ বছরের বেশি। অথচ তাঁরা কখনো সিটি করপোরেশনের আওতায় আসতে চাননি। কারণ ট্যাক্স দিতে হবে। এখন পর্যন্ত তাঁরা কোনো হোল্ডিং ট্যাক্স দেন না। তাহলে সেখানে উন্নয়ন কীভাবে হবে?

প্রথম আলো: দুই বছরে ওয়ার্ডের উন্নয়নকাজে কত টাকা ব্যয় করেছেন?

কাউন্সিলর: ৩০ কোটি টাকার বেশি। এলাকার বেশির ভাগ সড়ক সংস্কারের কাজ শেষ। বাকিগুলো শেষ করে একটা খেলার মাঠের দাবি নিয়ে মাঠে নামব। এটা খুব দরকার। বাচ্চাদের খেলাধুলার সুযোগ করে দিতে পারলে মাদকের সমস্যাও কমে আসবে।