বাংলাদেশ অধিনায়কের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও কম দামি না, দুটিতেই পেয়েছেন প্রথম শ্রেণী
খেলায় তুখোড় পড়ায় দারুণ

ব্যাট-বল আর খাতা-কলম দুটোই যেন তাঁদের কাছে সমান। ২২ গজে নেমে কখনো সপাটে ছক্কা হাঁকাচ্ছেন, কখনো বল হাতে ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠছেন মূর্তিমান আতঙ্ক। ক্রিকেট মাঠে ভালো খেলার পাশাপাশি পড়াশোনাটাও সমানে চালিয়ে গেছেন এমন ক্রিকেটারের তালিকাটা বেশ লম্বাই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই যেমন মাঠ মাতিয়েছেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের আঙিনাও মাতিয়েছেন পড়াশোনা করে।

পরীক্ষার হলে বসলে চওড়া ব্যাটটার মতোই যেন হয়ে ওঠে হাতের কলম। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কথাই ধরুন। ভালো ছাত্রের একটা বড় বিজ্ঞাপনই হয়ে উঠেছেন তিনি। শুধু খেলার মাঠেই দাপটে ব্যাট চলে না, পরীক্ষার হলে কলমটাও যে সমান চলে তার প্রমাণ তিনি দিয়েছেন। মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া মুশফিকুর একেবারে নিজের যোগ্যতায় ভর্তি পরীক্ষা দিয়েই টিকে যান বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষার্থী হিসেবে মুশফিকুর স্নাতক আর স্নাতকোত্তর ডিগ্রিতেও দেখিয়েছেন ঈর্ষণীয় সাফল্য। ওয়ানডেতে দুই হাজার ৭৮০ রানের মালিকের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও কম দামি না, দুটিতেই যে পেয়েছেন প্রথম শ্রেণী। এবার পিএইচডি ডিগ্রি নেওয়ার কথাও তিনি ভাবছেন।
শুধু মুশফিকুরই নন, এ তালিকায় আরও আছেন অনেক ক্রিকেটার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ ছাড়া সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, মনজুরুল ইসলাম, হাসানুজ্জামানও পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় থেকে ব্লু পদক পেয়েছিলেন সানোয়ার হোসেন।
ওপেনার শাহরিয়ার নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দশম ব্যাচের ছাত্র ছিলেন। আল আমিন গত বছর ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে। বর্তমান সময়ের সফল ধারাভাষ্যকার আতহার আলী খানও পড়েছেন লোক প্রশাসন বিভাগে।
জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থী। সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগে খেলোয়াড়দের জন্য আলাদা কোটা থাকত। ইদানীং সেটা নেই। নিজেদের যোগ্যতা বলেই এখন জায়গা করে নিতে হয় ভর্তি পরীক্ষায়।
খেলার পাশাপাশি পড়াশোনা করাটা যে কতখানি কষ্টকর, সেটা ভালোই টের পান ক্রিকেটাররা। অনুশীলনের হাড়ভাঙা পরিশ্রমের পরও বই নিয়ে বসতে হয়। অধিনায়ক মুশফিকুর রহিম এসব ক্ষেত্রে যেন সবার চেয়ে অনেক এগিয়ে। পড়েছেন বিমানে বসে, হোটেলের লবিতে বা বিমানবন্দরেও। তাঁঁর পড়াশোনা নিয়ে কখনোই সতীর্থরা হাসাহাসি করেননি। বরং উৎসাহ দিয়েছেন। উৎসাহ দিয়েছেন পরিবারের সদস্যরাও। যেহেতু নিয়মিত ক্লাস করতে পারতেন না বিশ্ববিদ্যালয়ে। তাই বন্ধুদের দেওয়া নোট আর সাজেশন কাজে লেগেছে তাঁর। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতাও কম পাননি। মুশফিকুর রহিমের কাছে ক্রিকেটটা জীবনের একটা অংশ। কিন্তু লেখাপড়াটা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাঁর তরুণ সমর্থকদের সব সময়ই এই বার্তা দিতে চেয়েছেন, ‘জীবনে বড় হতে হলে অবশ্যই পড়াশোনাটা সবার আগে প্রয়োজন।’
ক্রিকেটাররা দেশের সবচেয়ে বড় শুভেচ্ছা দূত, এতে কোনো সন্দেহ নেই। সেই ক্রিকেটাররা যদি সুশিক্ষায় একটু বেশিই শিক্ষিত হয়, মন্দ কি!