খেলায় পরাজিত হয়ে স্কুলশিক্ষিকাসহ ১০ ছাত্রীকে মারধর!
ঢাকার কেরানীগঞ্জে কাবাডি খেলায় পরাজিত হওয়ার জের ধরে একটি স্কুলের শিক্ষিকাসহ ১০ ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা আন্তস্কুল কাবাডি প্রতিযোগিতায় চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও জিনজিরা পীর মোহামঞ্চদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অংশ নেয়। খেলায় চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় জয়ী হয়। এরপর বেলা দুইটার দিকে চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও রাজাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় ম্যাচে অংশ নেয়। এ খেলায় রাজাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় জয়লাভ করে। চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘খেলা শেষে মাঠ ত্যাগের সময় জিনজিরা বালিকা উচ্চবিদ্যালয়ের শতাধিক ছাত্রী আমার স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদের ওপর হামলা চালায়। এতে ক্রীড়া শিক্ষিকা সবিতা রানীসহ ১০ ছাত্রী আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’ জিনজিরা পীর মোহামঞ্চদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রায়হান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক জানান, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।