খেলায় পাকিস্তানকে সমর্থন না দেওয়ার আহ্বান নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় পাকিস্তানকে সমর্থন না করার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বন্দরের ১২৯তম বর্ষপূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ। বন্দর এলাকার শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

নৌমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ছাড়া অন্য দেশের সঙ্গে যখন খেলা হয়, তখন বাংলাদেশের কিছু মানুষ পাকিস্তানকে সমর্থন দেয়। কেবল তাই নয়। পতাকা নিয়েও মাঠে যায়। দেখে লজ্জা হয়, ঘৃণা হয়। পাকিস্তানকে নৈতিক সমর্থন দেব না, আজ আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে।’

গত বছর বন্দরে ২০ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হওয়ায় এবার বন্দর কর্মকর্তা-কর্মচারীদের ৩৫ হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন নৌমন্ত্রী।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, মুক্তিযোদ্ধা ওয়াহিদুল্লাহ সরকার প্রমুখ।