খেলায় ভালো করলে ভর্তিতে সুবিধা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খেলাধুলায় যারা ভালো করবে, তাদের জন্য ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটা রাখা হবে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য ফুটবল ও সবার জন্য ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করা হবে।গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ স্টেডিয়ামে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১১-এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ মো. মতিউর রহমান। আরও বক্তব্য দেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ও জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া।শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু শ্রেণীকক্ষের শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানসিক বিকাশ সম্ভব নয়। শারীরিক শিক্ষার উন্নয়ন করতে হবে। তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল খেলার আয়োজন করে ৫০ জনকে বেছে নেওয়া হবে। তাদের জাতীয় দলের উপযোগী করে গড়ে তুলতে ফেডারেশন কাজ করবে।সাংসদ মো. মতিউর রহমান বলেন, ‘আজকের এ প্রতিযোগীরা আগামী দিনে বাংলাদেশের সম্মান বাড়াবে। এমন একটি আয়োজন ময়মনসিংহে হওয়ায় আমরা আনন্দিত।’মো. নোমান উর রশীদ বলেন, ‘সরকার নতুন যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, তার ২২টি পর্বের মধ্যে দুটি পর্বে ক্রীড়া এবং স্বাস্থ্য ও শারীরিকবিষয়ক উপস্থাপনা রয়েছে। এমন শিক্ষানীতিকে আমরা সাধুবাদ জানাই।’