খেলোয়াড়দের নিরাপত্তায় চট্টগ্রামে পুলিশের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, কোনো অভিযানে নামেনি পুলিশ। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট ম্যাচ চলাকালে যেকোনো ধরনের দুর্ঘটনা ও নাশকতা মোকাবিলা করার প্রস্তুতি হিসেবে মহড়ার আয়োজন করেছে পুলিশ। ছবিটি গতকাল সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের লালখানবাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
না, কোনো অভিযানে নামেনি পুলিশ। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট ম্যাচ চলাকালে যেকোনো ধরনের দুর্ঘটনা ও নাশকতা মোকাবিলা করার প্রস্তুতি হিসেবে মহড়ার আয়োজন করেছে পুলিশ। ছবিটি গতকাল সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের লালখানবাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের লালখানবাজার এলাকার শহীদ সাইফুদ্দিন খালেদ রোডের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট। রাস্তার সামনে একটি পিকআপ ভ্যান আড়াআড়িভাবে রাখা হয়েছে। যাতে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এর প্রায় পাঁচ শ গজ দূরে র্যা ডিসন ব্লু হোটেল থেকে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে রওনা হয়েছে পুলিশের একটি দল। তাদের গন্তব্য নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
স্টেডিয়ামে যাওয়ার পথে বাধা পেলেন খেলোয়াড়েরা। খুব দ্রুত একটি রেকার দিয়ে পিকআপ ভ্যানটি মুহূর্তের মধ্যে সরিয়ে নিলেন পুলিশ সদস্যরা। সঙ্গে সঙ্গে দুটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়। পুলিশ খেলোয়াড়দের গাড়িকে ঘিরে রাখে। একই সময়ে গ্রেপ্তার করে দুর্বৃত্তদের। পরে খেলোয়াড়দের বহনকারী গাড়িটি নিরাপদে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়। পুরো ঘটনাটি প্রতীকী।
বাংলাদেশ ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নেওয়ার পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কীভাবে সামাল দেওয়া হবে, গতকাল রোববার সকাল সাড়ে আটটায় তারই মহড়া দেয় পুলিশ। নগরের শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই ওপরের ওই ঘটনা প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়।
১২ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যে একটি ওয়ানডে ম্যাচ এবং ২০ অক্টোবর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড দলের নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক ছয় স্তরের নিরাপত্তা থাকবে। পুলিশ, র্যা বের পাশাপাশি সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, ফায়ার সার্ভিস, সিআইডির ক্রাইম সিন ইউনিটও প্রস্তুত থাকবে। নিরাপত্তায় কোনো ত্রুটি রয়েছে কি না কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কীভাবে রোধ করা যাবে, এ জন্য মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও নিরাপত্তা মহড়া হয়েছে।
মহড়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীর, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রমুখ।