খেলোয়াড় খেলতে না পারলে পাশে বসিয়ে দিতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দেওয়ার পক্ষে বিশিষ্ট আইনবিদ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ফুটবলের মাঠে খেলোয়াড় খেলতে না পারলে পাশে (সাইডে) বসিয়ে দেওয়া হয়। আরেকজন আসে।গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাহাত্তরের অসামঞ্জস্যপূর্ণ ধারাগুলো বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান।কামাল হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সবার কাছে গ্রহণযোগ্য ছিল। সংগত কারণ ছাড়াই এতে হাত দেওয়া হয়েছে। নিরপেক্ষভাবে দেখলে পঞ্চদশ সংশোধনী অনেক সমস্যা সামনে এনেছে। আমরা এটা পুনর্বিবেচনা করে বাহাত্তরের সংবিধানের ধারা চাই। বাহাত্তরের সংবিধান ছিল ঐতিহাসিক ঐক্যের প্রতীক।’মন্ত্রীদের বেশি কথা বলার সমালোচনা করে কামাল হোসেন বলেন, ঠান্ডা মাথায়, আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ সমস্যার সমাধান আশা করে।লিখিত বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তাঁদের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, সারা দেশের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর দুর্নীতিতে নিমজ্জিত হওয়াই এর অন্যতম কারণ। এ জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সংশ্লিষ্ট মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করা এবং দ্রুততার সঙ্গে রাস্তাঘাট মেরামতের ব্যবস্থা গ্রহণ করতে হবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, জনৈক শ্রমিক নেতা বর্তমান সরকারের মন্ত্রী হওয়ার বদৌলতে নাকি প্রায় ১০ হাজার কথিত চালককে বিনা পরীক্ষায় লাইসেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। আরও দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গণফোরামের নেতা আবদুর রউফ, জগলুল হায়দার, মোশতাক আহমেদ, নওয়াব আলী প্রমুখ।