খেলোয়াড় গড়ার কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগের কথা। আমবাগানে ফুটবল নিয়ে ভারসাম্য রক্ষার কসরত করছিল নাসির নামের এক কিশোর। বাগানের পাশেই চলছিল ফুটবল খেলা। সেখানে অতিথি হয়ে আসা হুমায়ুন কবীরের দৃষ্টি কাড়ে কিশোরটি। ডেকে আনেন তাকে। কথা বলে জানতে পারেন তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্টপুর গ্রামে। ফুটবলের প্রতি প্রচণ্ড ঝোঁক দেখে নাসিরকে দলে নিয়ে নেন তিনি। হুমায়ুন কবীরের কঠোর প্রশিক্ষণে সেই আমবাগানের ছেলেটি আজ জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য একজন খেলোয়াড়। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এমন মেধাবী খেলোয়াড়দের খুঁজে এনে প্রশিক্ষণ দিয়ে দেশের ফুটবল অঙ্গনে অবদান রেখে চলেছেন চাঁপাইনবাবগঞ্জের হুমায়ুন কবীর। স্থানীয় লোকজনের কাছে তিনি লুকু ওস্তাদ নামে পরিচিত। ফিকে হওয়া স্বপ্নে লাগে রং: তিন যুগ ধরে ফুটবল প্রশিক্ষণ দিয়ে চলেছেন হুমায়ুন কবীর (৫০)। স্বপ্ন ছিল জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করবেন একদিন। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। ঢাকার মাঠে দ্বিতীয় বিভাগে খেলতে গিয়ে ডান পায়ের হাঁটুতে চোট পান। সে ১৯৭৪ সালের কথা। বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন ফিকে হয়ে আসে হুমায়ুনেরর। কিন্তু নতুন একটা চিন্তা খেলে যায় তাঁর মাথায়। খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে পারেন তিনি। দেখতে দেখতে আগ্রহী অনেক মেধাবী খেলোয়াড় তাঁর কাছে অনুশীলন করতে আসে। হুমায়ুন কবীরের ফিকে হয়ে আসা স্বপ্নে একটু একটু করে রং লাগতে শুরু করে। নিজের ব্যর্থতাটুকু উদীয়মান খেলোয়াড়দের দিয়েই যেন পুষিয়ে নিতে চান তিনি। সকাল-সন্ধ্যা জেলা স্টেডিয়ামে পড়ে থাকেন। আর খেলোয়াড়দের অনুশীলন করান। এ জন্য প্রশিক্ষণার্থী খেলোয়াড়দের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেন না। তবে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া কার্যালয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি জেলা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে এখন ছোট-বড় ৫০ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ফুটবল লিগ অন্য জেলার মতো খেলোয়াড়-সংকটের কারণে বন্ধ থাকে না। বরং জেলার ফুটবল অঙ্গন সব সময় জমজমাট থাকে। পরিবারের কাছে তিনি: সংসারের শত অভাব-অনটনের মাঝেও ‘ফুটবল কোচ’ পরিচিতি নিয়েই সন্তুষ্ট দেশের পশ্চিম প্রান্তের জেলার ফুটবলপাগল এই মানুষটি। অথচ ফুটবলের পেছনে নিজেকে অমন উজাড় করে না দিলে, অন্য বন্ধুদের মতো জীবনটা আরাম-আয়েশে কাটাতে পারতেন। সকালে সংসারের খোঁজ না নিয়ে ছোটেন স্টেডিয়ামে। ফেরেন সেই সন্ধ্যায়।স্ত্রী সায়েমা বেগম খানিকটা অভিযোগের সুরে বলেন, ‘সংসারে তিন ছেলে ও এক মেয়ে। স্বামী তাদের কথা যত না ভাবেন, তার চেয়ে বেশি চিন্তা করেন ফুটবল নিয়ে।’ তবে মানুষটা খুব সাদাসিধে, মন্তব্য সায়েমা বেগমের। তিনি জানান, একবার রুহুল আমিন নামের এক খেলোয়াড়কে বিকেএসপিতে ভর্তি করতে নিজের একমাত্র সম্বল দোকানটিও বন্ধক রেখেছিলেন হুমায়ুন কবীর।সেনাবাহিনী, ক্যাডেট কলেজ, জাতীয় ক্রীড়া পরিদপ্তরের খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষণ দিয়ে কিছু ভাতা পান। সে টাকায় চলে সংসার। ক্রীড়াব্যক্তিত্ব ও খেলোয়াড়দের কথা: স্থানীয় ক্রীড়া সংগঠক শেখ মোহাম্মদ আহসান হাবিব বলেন, ‘তাঁর সংসার যে কীভাবে চলে, আল্লাহ জানেন। কারণ, সংসারের টাকা এনে লুকু ভাই অনেক গরিব খেলোয়াড়কে ক্রীড়াসামগ্রী কিনে দেন। এমন ফুটবলপাগল মানুষ সচরাচর চোখে পড়ে না।’ চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, ‘লুকুকে আমরা তাঁর প্রাপ্য অনুযায়ী মূল্যায়ন করতে পারিনি। চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের জন্য চা-খরচা বাবদ কিছু টাকা দেওয়া হয়। শোনা যায়, লুকু ওই টাকাও খেলোয়াড়দের পেছনে খরচ করেন। ফুটবল তাঁর নেশা। একে পেশা হিসেবে নিলে তাঁকে পেতাম না আমরা।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ মাহামুদ আলম বলেন, ‘সত্যি এমন ফুটবলপাগল মানুষ পাওয়া কষ্টকর।’ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নাসিরুল ইসলাম বলেন, ‘আমার কাছে সবার ওপরে লুকু ওস্তাদ। তাঁর জন্যই আজ আমি জাতীয় দলে। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে ঢাকার বিভিন্ন ক্লাবে ১০-১২ জন খেলছেন। জেলাপর্যায়ে রয়েছে অসংখ্য খেলোয়াড়।’ ভবিষ্যৎ পরিকল্পনা: জেলা ফুটবলে হুমায়ুন কবীর এমন একটি দল গড়তে চান, যা অন্য জেলার চেয়ে হবে সম্পূর্ণ আলাদা। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে উচ্চতর ফুটবল প্রশিক্ষণ দেওয়ার জন্য ফুটবল প্রশিক্ষকের ‘সি লাইসেন্স’ করতে চান তিনি।