খেলোয়াড়দের অনশন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ পাঁচ বছর ধরে রাজশাহীতে কোনো ফুটবল লিগ হয়নি। একসময় রাজশাহীতে ফুটবলের ঐতিহ্য ছিল। আজ তা ধ্বংসের পথে। এ ব্যাপারে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল ফেডারেশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। তারপরও রাজশাহীতে কোনো লিগের আয়োজন করা হয়নি। খেলোয়াড়েরা তাই বাধ্য হয়ে আন্দোলনে যাচ্ছেন। আজ সোমবার তাঁদের প্রতীকী অনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে।
খেলোয়াড়েরা জানান, রাজশাহী থেকে একসময় জাতীয় দলে খেলেছেন সাইদুর রহমান, হাকিম, আনারুল, শামীম, নেহাল, পাপেল, ফজলে সাদাইন খোকন, প্রয়াত ফিরোজ কবিরসহ আরও অনেকে। তাঁরা এক নামে পরিচিত ছিলেন। খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ জানান, পাঁচ বছর ধরে রাজশাহীতে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং ১০ বছর ধরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ অনুষ্ঠিত হয়নি। ফুটবল-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল হয়নি। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে লিগ শুরুর দাবিতে তাঁরা স্মারকলিপি দেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
রাজশাহী জেলা দলের কোচ মামুন আল ইসলাম জেড বলেন, অতীতে জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের আয়োজন করেছে। আগে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। অথচ এখন তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তারপরও তারা লিগ আয়োজনের কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে গত ২৫ মে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির বৈঠকে ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু জেলা ক্রীড়া সংস্থা লিগের আয়োজন না করে উপজেলা পর্যায়ের খেলার আয়োজন করছে। এ জন্য তাঁরা আজ রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি আহ্বান করেছেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, জেলা ক্রীড়া সংস্থা অর্থায়ন করতে পারে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজনটা করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)। সেই সংগঠনের সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকেই নাকি রাজশাহীতে থাকেন না। তিনি এই সংগঠনের সবাইকে নিয়ে একটি বৈঠক করে লিগ না হওয়ার বিষয়টি জানতে চাইবেন। ডিএফএর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, তিনি রাজশাহীতেই থাকেন। তাঁর সভাপতি কে এম সাজ্জাদুর রহমান ওরফে ডাবলু ঢাকায় ব্যবসা করেন। তিনিই রাজশাহীতে থাকেন না। এটা সভাপতিকেন্দ্রিক সংগঠন। সভাপতি না হলে হয় না। মাস তিনেক আগে যখন এ নিয়ে খুব কথা হচ্ছিল, সভাপতিকে বিষয়টি জানালে তিনি ক্লাবগুলোতে চিঠি দিতে বলেছিলেন। তিনি চিঠি দিয়েছিলেন। পরে আর সভাপতিকে পাওয়া যায়নি। তিনি ফোন ধরেন না। ধরলে বলেন, আসছি। পরে আর আসেন না। এটাই সমস্যা।
গতকাল বিকেলে মুঠোফোনে কে এম সাজ্জাদুর রহমানকে চারবার ফোন দেওয়া হয়, কিন্তু তিনি ফোন ধরেননি।