খোঁজ নেই এখনো, আতঙ্কে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীর নিখোঁজ তিন ব্যক্তির সন্ধান দুই সপ্তাহেও মেলেনি। ফলে তাঁদের নিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কী কারণে ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে’ এ তিনজনকে তুলে নেওয়া হলো, সে বিষয়েও জানতে পারেননি তাঁরা।

গারো সম্প্রদায়ের নিখোঁজ এই তিনজন হলেন ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রামের মৃত রহেন্দ্র সাংমার ছেলে প্রভাত মারাক (৬০), সুখীন্দ্র মারাকের ছেলে বিভাস সাংমা (২৫) ও সুমিত সাংমার ছেলে রাজেস মারাক (২২)।

বিভাস ঝিনাইগাতীর তিনআনী আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রভাত দিনমজুর। আর রাজেস ভালুকায় তাঁর বোনের বাসায় থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছেন। তাঁরা পরস্পর আত্মীয়। 

পরিবারগুলোর অভিযোগ, ১৪ এপ্রিল ভোরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে কালো ও সাদাপোশাকধারী ১০-১২ জন গজনী গ্রামের বাড়ি থেকে প্রভাত ও বিভাসকে এবং ময়মনসিংহের ভালুকা কলেজ-সংলগ্ন বড় বোনের বাসা থেকে রাজেসকে ধরে নিয়ে যান। এ ঘটনায় বিভাসের মা বিরলা সাংমা ১৬ এপ্রিল ঝিনাইগাতী থানায় একটি জিডি করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে বিভাসের খালাতো বোন স্বপ্না হাগিদক প্রথম আলোকে বলেন, একমাত্র ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর বিধবা মা বিরলা সাংমা মানসিকভাবে ভেঙে পড়েছেন। খাওয়াদাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। দুই সপ্তাহেও বিভাসের সন্ধান না পেয়ে তাঁরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশের কাছে গেলেও তারা তাঁদের কোনো সন্ধান বা সংবাদ জানাতে পারেনি। সরকারের কাছে স্বপ্নার আবেদন, এই তিনজনকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করা হোক।

প্রভাত মারাকের মেয়ে প্রমিতা সাংমা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁদের বাবা। কিন্তু ধরে নিয়ে যাওয়ার দুই সপ্তাহ পরও তাঁর সন্ধান না পেয়ে তাঁরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। তাঁদের বাবা বেঁচে আছেন কি না বা কোন অবস্থায় আছেন তা তাঁরা সরকারের কাছে জানতে চান।

অনুরূপভাবে রাজেসের বড় বোন শিখা মারাকও অনতিবিলম্বে তাঁর ভাইয়ের সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

জানতে চাইলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে তথ্যানুসন্ধান ও তদন্ত অব্যাহত রয়েছে। দেশের সব থানায় তাঁদের ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। তবে ইতিবাচক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।’

আর র‍্যাব ১৪-এর (শেরপুর-জামালপুর) অধিনায়ক মেজর নাইম আবদুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে তাঁরা অনুসন্ধান করছেন। তবে এখন পর্যন্ত তাঁদের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য সংগ্রহ করা যায়নি।

২২ এপ্রিলের প্রথম আলোয় ‘আট দিনেও সন্ধান নেই তিনজনের, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।