বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের মধ্যে ৬২ জন কূলে ফিরেছেন। তবে এখনো নিখোঁজ আছেন ৭৭ জন। এতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাঁদের পরিবারের সদস্যদের।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কক্সবাজারের ছয়টি মাছ ধরার নৌকাসহ ১৫১ জেলে নিখোঁজ হন। গত মঙ্গলবার গভীর রাতে এফবি শাহ মজিদিয়া ও এফবি ফাতেমা নামের দুটি ট্রলার কূলে ফিরে আসে। ট্রলারগুলোতে জেলে ছিলেন ৬২ জন। এ ছাড়া মঙ্গলবার মহেশখালীর ধলঘাটা উপকূলে ডুবে যাওয়া একটি ট্রলারের ১২ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। এখনো নিখোঁজ আছে এফবি রেশমি, এফবি জাইস উদ্দিন ও এফবি সাজ্জাদ নামের তিনটি ট্রলার।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, নিখোঁজ ৭৭ জেলের সন্ধানে গভীর সাগরে নৌবাহিনী তল্লাশি চালাচ্ছে। আর কাছাকাছি এলাকায় একাধিক ট্রলার নিয়ে তল্লাশি চালাচ্ছেন ট্রলারমালিকেরা।
গতকাল বুধবার শহরের মধ্যম কুতুবদিয়াপাড়ায় নিখোঁজ জেলে মিনহাজ উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্বজনেরা আহাজারি করছেন। মিনহাজ এফবি রেশমি ট্রলারের জেলে।
মিনহাজের স্ত্রী নূর আয়েশা বলেন, গত বুধবার রাত ১১টায় নাজিরারটেক পয়েন্ট থেকে স্বামী ট্রলার নিয়ে সাগরে যাত্রা করেন। তারপর থেকে তাঁর খোঁজ নেই।
মিনহাজ উদ্দিনের ভাই খালেদ মোশারফ বলেন, শহরের এন্ডারসন সড়ক এলাকার আবুল হোসেনের এফবি রেশমি ট্রলারে তাঁর ভাইসহ মাঝিমাল্লা ছিলেন ২৮ জন।
সমিতিপাড়ার নিখোঁজ জেলে মোক্তার আহমদের স্ত্রী আসমাউল হুসনা বলেন, তাঁর স্বামী এফবি জাইস উদ্দিন ট্রলারের মাঝি ছিলেন। মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে তিনি সাগরে রওনা দেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ফেরেননি। মাছ ধরতে যাওয়ার সময় স্বামী ১০ কেজি চাল কিনে দিয়েছিলেন। সেগুলো গতকাল শেষ হয়ে গেছে। এখন পাঁচ মেয়েকে নিয়ে তিনি বিপাকে পড়েছেন।
নিখোঁজ এফবি সাজ্জাদ ট্রলারের জেলে মো. হারুনের ভাই মো. ফারুক বলেনন, ওই ট্রলারে জেলে ছিলেন ২৯ জন। তাঁর ভাই ছাড়াও তাঁর তিনজন নিকটাত্মীয় নিখোঁজ আছেন।
মঙ্গলবার রাতে ফিরে আসা এফবি শাহ মজিদিয়া ট্রলারের মাঝি আজিজুল হক বলেন, ৫ নভেম্বর ঝোড়ো হাওয়ার কবলে পড়ে তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ইঞ্জিন ঠিক করে তাঁরা উপকূলে ফিরে আসেন।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত তিন ট্রলারের ৭৭ জন জেলে নিখোঁজ আছেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।