খোঁড়াখুঁড়িতে যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বর্ষায় রাজশাহী নগরের সপুরার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) এলাকায় প্রায় এক মাস ধরে নালার কাজ চলছে। সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছে ড্রেনের কাদামাটি। বৃষ্টির পানিতে এই কাদা গলে সারা রাস্তায় লেপ্টে যাচ্ছে। কোথাও কোথাও জমে আছে পানি। এতে ওই এলাকার লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

রাজশাহী সিটি করপোরেশন থেকে জানা গেছে, বিসিক এলাকায় বতর্মানে নালার সাত-আটটি প্যাকেজের কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্তু এই সমস্যা থাকবে।

শনিবার বিসিক এলাকায় গিয়ে দেখা যায়, এর সংযোগ সড়কগুলোর চার-পাঁচটি জায়গায় নালা খুঁড়ে মাটি ওঠানো হয়েছে। এই মাটি আর সরানো হয়নি। বৃষ্টির পানিতে গলে গলে রাস্তায় নেমে বিপজ্জনক হয়েছে। বিশেষ করে ক্যান্টনমেন্ট স্কুলের পাশে ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী কার্যালয়ের পাশে কাদামাটি রাস্তার ওপরে তুলে রাখায় মানুষ ও যানবাহন উভয়ের চলাচলই বিপজ্জনক হয়ে পড়েছে।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বিসিকের রাস্তাঘাটের দায়দায়িত্ব তাদেরই। তার পরও সিটি করপোরেশন থেকে প্রধান ১০টি রাস্তা করে দিয়েছে। এখন ড্রেনের (নালা) কাজ চলছে। বৃষ্টির কারণে কাদামাটি ছড়িয়ে একটু সমস্যা হতেই পারে।