খোকাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সচিবালয়ের ভেতরে ও বাইরে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ নয়জন পলাতক আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন।
২০১৪ সালের ২১ অক্টোবর এই মামলায় খোকাসহ নয়জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। নয়জন আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সম্ভব হয়নি মর্মে পুলিশ গতকাল আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত খোকাসহ ওই নয়জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।
অন্য আট আসামি হলেন তরিকুল ইসলাম, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আবদুল কাইয়ুম ও আবদুল আলীম। এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হলেন ২৩ জন। বাকি আসামিরা জামিনে আছেন।
২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের ভেতরে ও বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করে। গত বছরের ৭ এপ্রিল তদন্ত শেষে খোকাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় থানার পুলিশ।