খোকার সময়ে সিটি করপোরেশনে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাবেক মেয়র বিএনপির নেতা সাদেক হোসেন খোকার দায়িত্ব পালনের সময় সিটি করপোরেশনের দোকান ও খালি জায়গা বরাদ্দ, ভবন নির্মাণ এবং দরপত্রে অনিয়ম হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল রোববার সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
এসব অনিয়মের কারণে ঢাকা সিটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছে বলে মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
জানতে চাইলে কমিটির সদস্য রহিমা আকতার সাংবাদিকদের বলেন, সাদেক হোসেনের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির মামলা চলছে। এ অবস্থায় কমিটি মন্ত্রণালয়কে তাদের তদন্ত প্রতিবেদন নিয়ে নিজস্ব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে বলেছে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটে ২৬টি দোকান ও খালি জায়গা বরাদ্দের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। এসব বরাদ্দের ক্ষেত্রে মেয়র সুপারিশ করেছিলেন। রমনা শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য মাসুদ করপোরেশনকে নিয়মবহির্ভূতভাবে কাজ দেওয়া হয়। দিলকুশায় বহুতল কার পার্কিং নির্মাণের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি নেওয়া এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল মানা হয়নি।
সংসদীয় কমিটি গত বছরের জুন মাসে ঢাকা সিটি করপোরেশনে সাদেক হোসেনের সময়কালের কর্মকাণ্ড তদন্তের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল। সুপারিশের পর মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে।
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রহমত আলী, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার অংশ নেন।