খোকাসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি সাত আসামি হলেন: ডিসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
গতকাল রোববার রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম মামলাটি করেন। মামলার বাদী মো. মাহবুবুল আলম বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ায় খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় অবৈধভাবে ৪৯৩টি দোকান নির্মাণ করে তা অস্থায়ীভাবে বরাদ্দ দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন বলে আসামিদের বিরুদ্ধে মামলার এজাহারে অভিযোগ করা হয়।
বরাদ্দ দেওয়ার অধিকার রয়েছে কর্তৃপক্ষের, সে ক্ষেত্রে মেয়রের সঙ্গে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে কেন আসামি করা হয়নি—এ প্রশ্নের জবাবে দুদকের কমিশনার (তদন্ত) মো সাহাবুদ্দিন বলেন, এটি প্রাথমিক পর্যায়ের অনুসন্ধান। পরবর্তী সময়ে বিশদ তদন্তের ভিত্তিতে আসামি তালিকা চূড়ান্ত করা হবে।