খোকাসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ফটকে বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
আদালত আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেন। গতকাল এই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হলেন ২৩ জন। তাঁদের মধ্যে জামিনে থাকা ১৪ জন গতকাল আদালতে হাজির ছিলেন।
বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেনসহ অভিযোগপত্রভুক্ত অপর নয়জন গতকাল আদালতে অনুপস্থিত ছিলেন। অভিযোগপত্রভুক্ত অন্য যে আটজন অনুপস্থিত ছিলেন, তাঁরা হলেন: তরিকুল ইসলাম (ঝন্টু), শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আবদুল কাইয়ুম ও আবদুল আলীম। এই নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, এই মামলার অভিযোগপত্রে সাদেক হোসেনসহ নয়জনকে পলাতক দেখিয়ে তদন্ত কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগ করা হয়, সাদেক হোসেনের নির্দেশে অন্য আসামিরা নির্বাচন কমিশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। পুলিশ তদন্ত করে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
গতকাল অভিযোগপত্রভুক্ত ও জামিনে থাকার যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলামসহ ১৪ জন আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের ফটকে বোমা বিস্ফোরণের ঘটনায় শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ ১৩ জনের নামে এই মামলা করেন। পুলিশ তদন্ত শেষে চলতি বছরের ৭ এপ্রিল সাদেক হোসেন, মোয়াজ্জেম হোসেন, সাইফুলসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা ও আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সাদেক হোসেন এই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন না। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামকে বাধাগ্রস্ত এবং নেতা-কর্মীদের হয়রানি করতে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।