চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ভুল ধারায় অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। ধারা ভুল থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করতে পারেননি আদালত। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগপত্রে সঠিক ধারাটি সংযোজন করার জন্য আদালতে আবেদন জানিয়েছে।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশের নায়েক ফরিদ উদ্দিন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযোগপত্রে দণ্ডবিধির ৩৯৬ ধারা অর্থাৎ ডাকাতি সংঘটনের সময় খুনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ভিকটিমের একটি মুঠোফোন উদ্ধার হলেও অভিযোগপত্রে ৪১১ ধারা উল্লেখ করা হয়নি।
তাই সরাসরি খুনের ৩০২ ধারা উল্লেখ এবং ৪১১ সংযোজন করতে আদালতে আবেদন করা হয়েছে।
পিপি আরও বলেন, অভিযোগপত্রে আসামি রয়েছে চারজন। পাঁচজনের ততোধিক আসামি কিংবা ব্যক্তি হলে ৩৯৬ ধারা হবে। ভুল ধারায় মামলার বিচার হলে আসামিরা উচ্চ আদালত থেকে সুযোগ নিতে পারেন। সেখানে অপরাধ প্রমাণ করাও কঠিন হবে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নগরের ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে ছয় আসামি ছিনতাই করতে গিয়ে খুন করে পুলিশকে। ঘটনার দুই দিন পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনায় জড়িত দুই আসামি মারা যান। তদন্তে ছয়জনের নাম উঠে আসায় ৩৯৬ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাবেক পিপিরও মতামত নেওয়া হয়েছিল অভিযোগপত্র দাখিলের আগে। এখন কেন এসব বলছেন জানি না।’
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, দায়িত্ব শেষে বাসায় সাধারণ পোশাকে ফেরার পথে পুলিশ সদস্য নায়েক ফরিদ উদ্দিনকে চলতি বছরের ১৪ জানুয়ারি নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি গেটে ছুরিকাঘাত করে এবং ইনজেকশন পুশ করে হত্যা করা হয়। এই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অর্জুন দে ও মনির উদ্দিন নামের দুই আসামিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার দুই দিন পর নগরের হালিশহর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান দুই আসামি নাছির উদ্দিন ও রাজীব। তদন্ত শেষে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খোন্দকার দুই আসামি মৃত্যুবরণ করায় তাঁদের অব্যাহতি চেয়ে এবং চার আসামিকে অভিযুক্ত করে গত ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার আসামি হলেন জসিম উদ্দিন, মাবুদ দুলাল, অর্জুন দে ও মনির। ধারা উল্লেখ করেন ৩৯৬। অভিযোগপত্রে সাক্ষী রাখা হয়েছে ৩১ জনকে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য দিন ধার্য থাকলেও দীর্ঘদিন বিচারক শূন্য থাকায় তা হয়নি। গত মঙ্গলবার মামলার ধার্য দিনে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে ৩০২ ধারা সংযোজনের জন্য আবেদন করে। আদালত ২১ অক্টোবর পরবর্তী দিন ধার্য রাখেন।