খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের দলীয় কার্যালয় ও ঘিওর উপজেলার পাচুরিয়ায় তাঁর নিজ গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখানে নেতা-কর্মীদের তেমন উপস্থিতি ছিল না।
জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ বলেন, ‘একসময়ে দলের কান্ডারি প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকী দায়সারাভাবে পালিত হয়েছে। জাতীয় কাউন্সিল নিয়ে ব্যস্ততা থাকায় কেন্দ্রীয় নেতাদের অনেকেই তাঁর সমাধিতে ফুল দিতে যেতে পারেননি।’
দলীয় সূত্র জানায়, গতকাল সকালে পাচুরিয়া গ্রামে দেলোয়ার হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম, প্রয়াত মহাসচিবের মেজো ছেলে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল হামিদ, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোখছেদুর রহমান, সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রদলের মধ্যম সারির কয়েকজন নেতা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাবার সমাধিতে ফুল দেওয়ার পর আবদুল হামিদ বলেন, তাঁর বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক ছিলেন। এক-এগারোর সময় দলের সংকট মুহূর্তে তিনি সাহসী ভূমিকা রাখেন। এতে কেবল দল নয়, দেশের গণতন্ত্রও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। অথচ মৃত্যুর পাঁচ বছরেই অবজ্ঞা-অবহেলায় তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হলো।
২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খোন্দকার দেলোয়ার হোসেন শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির মহাসচিব ছাড়াও দীর্ঘদিন তিনি জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।