খোরশেদ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের এক কর্মচারীর ছেলে খোরশেদ আলম হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকা চতুর্থ অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন দুলাল ওরফে আনু, বিল্লাল, শরিফ মাহমুদ, আমজাদ ও ওয়ালীউল্লাহ। আর যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন সুমন, সালাউদ্দিন ও জাবেদ মিয়া। আদালত তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন। তা দিতে ব্যর্থ হলে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এ মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আনু ও বিল্লাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক।
১৯৯৯ সালের ২২ মে মিটফোর্ড হাসপাতালের কর্মচারী সমিতির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে খোরশেদ আলমকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন আসামিরা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। ২০০১ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।