খোলপেটুয়া নদীর ভাঙনের মুখে বন বিভাগের স্থাপনা

খোলপেটুয়া নদীর প্রবল ভাঙনে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফরেস্ট স্টেশনের পাঁচটি স্থাপনা এবং নয়টি দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্টেশনের কার্যালয় চত্বরে রাখা তিনটি পরিত্যক্ত জলযানও তলিয়ে গেছে।
ভাঙনের হুমকিতে রয়েছে ফরেস্ট স্টেশন অফিস, জেলা পরিষদের রেস্টহাউস, নৌপুলিশ ফাঁড়ি, নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়ন, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ অনেক বাড়িঘর। আর জোয়ারের পানি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়লে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও আঠুলিয়া ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষের ঘরবাড়ি, কয়েক হাজার হেক্টর বিঘা জমির আমন ধান ও মৎস্যঘের ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুন্দরবনের সাতক্ষীরা স্টেশন কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন জানান, প্রবল স্রোতে খোলপেটুয়া নদীর চর ভাঙনের ফলে বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের তিনটি নৌকার চালকদের থাকার ব্যারাকসহ পাঁচটি স্থাপনা নদীতে চলে গেছে। ভাঙতে শুরু করেছে রেঞ্জ কর্মকর্তার পুরোনো বাসভবনটি। স্টেশন কর্মকর্তার বাসভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। রেঞ্জ কর্মকর্তার দোতলা ভবনটির সামনের চর ও গাছসহ প্রায় ১০০ ফুট এলাকা দেবে গেছে। স্টেশন কার্যালয়ের কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে কর্মচারীদের নতুন বাসভবনে।
পাউবো সূত্রে জানা গেছে, ২০১৩ সালের আগস্টে খোলপেটুয়া নদীর বুড়িগোয়ালিনী এলাকার ভাঙন ঠেকাতে পৃথক দুটি দরপত্র আহ্বান করা হয়। একই বছরের ডিসেম্বরে ১০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এটিসি-জেবিকে দুটি কাজের কার্যাদেশ দেওয়া হয়।
শ্যামনগর ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসিনুর রহমান জানান, নয় মাস ধরে ব্লক তৈরির কাজ করলেও পাউবো ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
পাউবোর শ্যামনগরের উপসহকারী প্রকৌশলী নিখিল কুমার দত্ত জানান, ভাঙন রোধে ইতিমধ্যে ব্লক তৈরি করা হয়েছে। ব্লক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মন্ত্রণালয়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটি দু-এক দিনের মধ্যে এলাকায় আসতে পারে। তারা এসে অনুমতি দিলেই ব্লক ফেলা হবে।