খোলা আকাশের নিচে ক্লাস চলে পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের বড় একটি অংশকে খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। পাঁচ বছর ধরেই এ অবস্থা চলছে। শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীদের এভাবে খোলা আকাশের নিচে মাঠে চট বিছিয়ে পড়াশোনা করতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে দেড় একর জমির ওপর আটটি শ্রেণিকক্ষ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এরপর প্রতিবছরই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেও শ্রেণিকক্ষ থেকে যায় আটটিই। এতে ২০১০ সাল থেকে অষ্টম শ্রেণির ১৮০, সপ্তম শ্রেণির ১৯৪ ও ষষ্ঠ শ্রেণির ২২৯ শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে। খোলা আকাশের নিচে মাটিতে চট বিছিয়ে পড়াশোনা করে এসব শিক্ষার্থী।
সরেজমিনে গতকাল সোমবার দামপাড়ায় গেলে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আজিজুল হক বলে, খোলা জায়গায় বসে ক্লাস করার সময় ধুলাবালু উড়ে অনেক সময় চোখে পড়ে।
সপ্তম শ্রেণির ছাত্রী আয়াতু আক্তার জানায়, ‘প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাটিতে বসে ক্লাস করতে গিয়ে আমাদের অনেকেরই জ্বর-কাশি হয়েছে। পায়ের ওপর চাপ দিয়ে অনেকক্ষণ বসে ক্লাস করায় কারও কারও পা ফুলে যায়।’
সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিনই এভাবে বাচ্চাগুলোকে মাটিতে বসিয়ে পাঠদান করতে হয়। বৃষ্টি হলে ছুটি দিয়ে দিতে হয়। না হয় বাচ্চারা নিজেরাই চলে যায়। তা ছাড়া খোলা জায়গায় ক্লাস করানোয় শিক্ষার্থীরা ঠিকমতো মনোযোগীও হতে পারে না।
প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থী অনুপাতে আমাদের ১১টি শ্রেণিকক্ষ দরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও সরেজমিনে কয়েকবার এসে পরিস্থিতি দেখে গেছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ তিনি আরও বলেন, এত সমস্যা সত্ত্বেও এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছরই শিক্ষার্থীরা এসএসসিতে ভালো ফলাফল করে। এবার বিদ্যালয়টি জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, ‘জেলা মাসিক উন্নয়ন সভায় আমি বিদ্যালয়টির সমস্যা তুলে ধরব।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব বলেন, বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, ‘সরেজমিনে পরিস্থিতি দেখে ছাউনির ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে জেলা প্রসাশক মহোদয়ের সঙ্গে আলোচনা করব।’