খোলা আকাশের নিচে চট বিছিয়ে পাঠদান
নড়বড়ে টিনের তৈরি দোচালা একটি ঘর। দরজা-জানালা সব ভাঙা। বৃষ্টি হলেই ছুটি হয়ে যায় বিদ্যালয়। রংপুরের তারাগঞ্জ উপজেলার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটি এমনই।
সরেজমিনে গত ৩১ অক্টোবর দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির ঘরের বাঁশের খুঁটিগুলো নড়বড়ে। ছাদের টিনে অসংখ্য ছিদ্র। ছোট তিনটি ভাঙা শ্রেণিকক্ষ। তাতে ১৫টি গাদাগাদি করে বসে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। ওই তিন শ্রেণিকক্ষের মধ্যে কোনো পার্টিশন নেই। কক্ষ-সংকটে মাঠে চটে বসে শিশুরা ক্লাস করছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ২০৫ জন। ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর সংস্কার না করায় ধীরে ধীরে এর অবস্থা খারাপ হতে থাকে।
প্রধান শিক্ষক নওশের আলী বলেন, প্রতিষ্ঠার পর থেকে পাকা ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে। বিষয়টি স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকেও জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, শিগগিরই যাতে ওই বিদ্যালয়ের ভবন নির্মাণ করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।