খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে ১৪৯টি রেলযান

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে খোলা আকাশের নিচে প্রায় দেড় শ ক্যারেজ (যাত্রীবাহী) ও ওয়াগন (মালবাহী) পড়ে আছে। দীর্ঘদিন ধরে এসব সরকারি সম্পদ অযত্নে পড়ে থাকায় তা অকেজো হয়ে যাচ্ছে।
রেলওয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১৭টি ওয়াগন ও ৩২টি ক্যারেজ দেড় যুগ ধরে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে মেরামতের অপেক্ষায় আছে। এগুলো ঈশ্বরদী, রাজবাড়ী, খুলনা ও রাজশাহী ইয়ার্ড থেকে এখানে আনা হয়। এসব ক্যারেজ ও ওয়াগনের মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো পড়ে থেকে জরাজীর্ণ হয়ে পড়ছে। ইয়ার্ডে ছাউনি নেই। তাই খোলা আকাশের নিচে এসব মূল্যবান সরকারি সম্পদ নষ্ট হচ্ছে।
স্টেশন ইয়ার্ডসংলগ্ন হলদিবাড়ী মহল্লার বাসিন্দা রেজাউল করিম জানান, এসব ওয়াগন ও ক্যারেজ থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। আর পড়ে থাকায় এগুলোতে মরিচাও ধরেছে। খালি রেলযানগুলো হয়ে উঠেছে অপরাধীদের অভয়াশ্রম। এগুলোতে নানা অপকর্ম চলছে। রেলওয়ে ইয়ার্ডের লোকজন এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আবদুল জব্বার জানান, এসব ওয়াগন ও ক্যারেজ সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য পাঠানোর উদ্দেশ্যেই পার্বতীপুর রেলওয়ে ইয়ার্ডে সংরক্ষিত আছে। তবে এসব রেলযান দীর্ঘদিন পড়ে থাকলে মেরামতের অনুপযোগী হয়ে যেতে পারে।
কী কারণে মেরামত উপযোগী ওই ওয়াগন ও ক্যারেজ পার্বতীপুর ইয়ার্ডে পড়ে আছে—এ নিয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক (ডব্লিউ এম) মুহাম্মদ কুদরত-ই-খুদার সঙ্গে। তিনি জানান, মূলত জনবল, অর্থ, আধুনিক যন্ত্রপাতি ও কাঁচামাল সংকটের কারণেই সেগুলো পড়ে আছে। ওই ওয়াগন ও ক্যারেজগুলো মেরামতের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রকল্প প্রতিবেদন পাঠানো হয়েছে। এরই মধ্যে আটটি মিটারগেজ ক্যারেজ মেরামতের জন্য সৈয়দপুর কারখানায় আনা হয়েছে।