খোলা আকাশের নিচে পরীক্ষা!
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা (ঘড়ইবাড়ী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এবার সেখানেই তাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে এখানে বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় লোকজন, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৪০ সালে ৪৪ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে টিনের ঘরে পাঠদান করা হতো। ১৯৯১ সালে উজিরপুর এলজিইডি একটি ভবন নির্মাণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ জানান, ভবনটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা ও অনিয়মের কারণে ২০১০ সাল থেকে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তার পরও বিকল্প কোনো ভবন না থাকায় ওই ভবনেই পাঠদান চলছিল। বর্তমানে বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বুদ্ধিশ্বর বালা জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা শিক্ষা কমিটির একটি দল সরেজমিনে পরিদর্শন করে। পরে জরুরি সভা ডেকে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। সেই থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে ক্লাস করে আসছে।
অভিভাবক ও ইউপি সদস্য উপেন্দ্র নাথ সরকার জানান, চলতি বছর গোটা বর্ষা মৌসুমে বিদ্যালয়ে ছুটি ছিল। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত হয়েছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে বার্ষিক পরীক্ষা চলছে। এ সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. জোনায়েদ, বন্যা হালদার, বৃষ্টি বাড়ৈ এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিপা বৈদ্য, কৌশিক হালদার বলে, বৃষ্টিতে ক্লাস বন্ধ থাকলেও প্রচণ্ড রোদ ও শীতের মধ্যে ক্লাস করতে তাদের অনেক কষ্ট হয়।
গ্রামের বিবেক শীল, যতিন্দ্রনাথ মিস্ত্রি, তপন কুমার রায়সহ কয়েকজন জানান, তাঁরা ভবনটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করার পরও কোনো সুফল পাওয়া যায়নি।
উজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পরও তারা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না।