খোলা আকাশের নিচে পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবন না থাকায় টিনের ছাউ​নি ও খোলা আকাশের নিচে চলে নড়াইলের বারইপাড়া সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। সম্প্রতি ছবিটি তুলেছেন কার্ত্তিক দাস
ভবন না থাকায় টিনের ছাউ​নি ও খোলা আকাশের নিচে চলে নড়াইলের বারইপাড়া সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। সম্প্রতি ছবিটি তুলেছেন কার্ত্তিক দাস

ভবন না থাকায় আড়াই বছর ধরে নড়াইলের নলদী ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় অনেক শিক্ষার্থী আশপাশের বিদ্যালয়গুলোয় চলে যাচ্ছে। এ বিদ্যালয়ে এখন দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের শুকনো মাঠে শিক্ষার্থীরা মাদুর বিছিয়ে ক্লাস করছে। পাশের আমগাছের নিচে দাঁড়িয়ে আছে অন্য শ্রেণির শিক্ষার্থীরা। মাঠে একটি টিনের ছাপরা থাকলেও কোনো বেড়া নেই। ছাপরার ভেতরে আরেক শ্রেণির পাঠদান চলছে। শিক্ষকেরা জানান, খোলা জায়গায় পড়াতে সব মৌসুমেই অসুবিধা হয়। শীতে ঠান্ডা বাতাস, গরমে খাঁখাঁ রোদ। আর বর্ষায় বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। ফলে পড়াশোনায় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের।
পঞ্চম শ্রেণির ছাত্রী মোছাম্মাৎ নদীয়া খানম বলে, ‘সারা বছর রোদে পুড়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। আমাদের খুব কষ্ট হয়। আকাশে মেঘ হলি স্কুল ছুটি হয়ে যায়। পাশের রাস্তা দিয়ে সারা দিন গাড়ি চলে। ধুলাবালি আর শব্দে আমাদের লেখাপড়ার অসুবিধা হয়।’
অভিভাবক শমসের মোল্যা বলেন, ‘আমাগের ছলমায়েরা বছরের পর বছর ধরে রোদে পুড়ে বিষ্টিতে ভিজে শীতির মদ্দি ফাঁকা জাগায় ক্লাস কত্তিছে। মেলা দিন হয়ে গেল এহেনে কোনো নতুন ঘর বানাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘শুনি, সরকার নাকি কত জাগায় কত কিছু দেচ্ছে। কিন্তু এহেনের ঘরডা কেন বানাচ্ছে না?’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট বিদ্যালয়ের একটি কক্ষে শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। হঠাৎ বিদ্যালয়ের ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে এক শিক্ষিকাসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরিচালনা পর্ষদ বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানায়। উপজেলা প্রকৌশলী সরেজমিনে দেখে বিদ্যালয়ের একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরিত্যক্ত ভবনটিতে চারটি কক্ষ ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে।
বিদ্যালয়ের দুজন শিক্ষক জানান, আগে এ বিদ্যালয়ে আরও বেশি শিক্ষার্থী ছিল। কিন্তু ক্লাস করতে কষ্ট হওয়ায় অনেকে আশপাশের বিদ্যালয়ে চলে গেছে।
লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, উপজেলার যেসব বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ও জরাজীর্ণ রয়েছে, সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, নতুন ভবন নির্মাণের ব্যাপারে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।