খোলা আকাশের নিচে পাঠদান, কষ্টে চার শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে৷ নদীভাঙনের কবলে পড়ায় বিদ্যালয়ের দুটি একতলা ভবন ১০ মাস আগে বিক্রি করে দেওয়া হয়৷ বিকল্প ব্যবস্থা না করায় এবং বেঞ্চ না থাকায় শিক্ষার্থীরা রোদে পুড়ে ও মাটিতে বসে ক্লাস করছে৷ তবে বৃষ্টি বা ঝড় শুরু হলে ছুটি দিয়ে দেওয়া হয়৷ এতে তাঁদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে৷
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদীর পূর্ব তীরে বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ৪০৬ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক আছে৷ এলাকাটি নদীভাঙনকবলিত৷ ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় ২০১৩ সালের ২৭ আগস্ট বিদ্যালয়ের ওই দুটি ভবন নিলামে বিক্রি করে দেন তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম৷ তখন পাশের একটি মাদ্রাসায় এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু কয়েক দিন পাঠদান করার পর ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়৷ এ কারণে সেখানে আর পাঠদান করা যায়নি৷ এর পর থেকে পাশের বাশুরিয়া-শামসুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে তাদের পাঠদান করা হচ্ছে৷ আর ওই উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ এ বিদ্যালয়ের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে৷
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রত্না বলে, ‘খোলা আকাশের নিচে ক্লাস করায় বৃষ্টি এলে বই-খাতা পানিতে ভিজে যায়৷ তাই এই স্কুলে পড়তে আর বালা লাগে না।’
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, যে স্থানে বিদ্যালয়টির ভবন ছিল সেখান থেকে ১০ হাত দূরেই যমুনা নদী৷ ওই এলাকায় নদীভাঙন অব্যাহত আছে৷ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বালিকা বিদ্যালয়ের মাঠে মাটিতে বসিয়ে পাঠদান করা হচ্ছে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা জাহান জানান, আকাশে মেঘ দেখা দিলে ও বৃষ্টি এলে শিক্ষার্থীরা চলে যায়। খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ায় শিক্ষার্থীদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের একটি টিনশেড ঘর নির্মাণের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷ শিগগিরই কাজ শুরু করা হবে।