খোলা আকাশের নিচে হাজার বস্তা সার

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত নগরবাড়ী ঘাটে কয়েক হাজার বস্তা সার খোলা আকাশের নিচে পড়ে আছে। রোদ-বৃষ্টি-কুয়াশায় এসব সার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সার ব্যবসায়ী ও সার পরিবহন ঠিকাদারেরা দীর্ঘদিন ধরে সেখানে একটি আপৎকালীন মজুত গুদাম (বাফার) স্থাপনের দাবি জানিয়েছেন।
পাঁচ-ছয়জন সার ব্যবসায়ী ও পরিবহন ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা যায়, একাধিক মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নগরবাড়ীতে গিয়ে বিভিন্ন সময় বাফার গুদাম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার দীর্ঘদিন পার হলেও তা নির্মিত হয়নি।
জানা যায়, উত্তরাঞ্চলে বিসিআইসির বাফার গুদাম রয়েছে মোট ১৪টি। বেড়ার নগরবাড়ী ঘাট ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের মাধ্যমে এসব গুদামে সার সরবরাহ করা হয়। চট্টগ্রাম থেকে জাহাজে করে বিসিআইসি অনুমোদিত পরিবহন ঠিকাদারেরা সার এনে নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে নামান। এরপর সেখান থেকে সার ট্রাকে করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
সার ব্যবসায়ীরা বলেন, বাঘাবাড়ী নৌবন্দরের চেয়ে নগরবাড়ী ঘাটের মাধ্যমে উত্তরাঞ্চলে সার সরবরাহ সুবিধাজনক। এ কারণে দুই বছর ধরে নগরবাড়ী ঘাটে জাহাজ থেকে সার নামানোর পরিমাণ অনেক বেড়ে গেছে। ফলে সেখানে খোলা আকাশের নিচে সারের স্তূপ বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা যায়, নগরবাড়ী ঘাটে নদীর তীর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশজুড়ে খোলা জায়গায় সারের স্তূপ। নৌঘাটে বিক্ষিপ্তভাবে ভিড়ে আছে সারভর্তি আট-দশটি জাহাজ। এর দু-তিনটি থেকে সার নামিয়ে পুরোনো স্তূপের ওপর বা স্তূপের পাশে কোনো রকমে ঠেসেঠুসে রাখা হচ্ছে। এরই মধ্যে ছয়-সাতটি ট্রাকে সারবোঝাই করতে দেখা যায়।
নৌঘাটে কর্মরত শ্রমিক সরদার আবদুল জলিল বলেন, ‘নগরবাড়ী ঘাটের প্রায় এক কিলোমিটার এলাকা জুইড়্যা দুই লাখ বস্তারও বেশি সার আছে। কয়েক দিন আগে বৃষ্টি হওয়ায় আমরা খুব ভয় পায়া গেছিল্যাম। পরে দেখি, সারের তেমন কুনু ক্ষতি হয় নাই। এই জায়গায় একটা বাফার গুদাম থাকলি রোদ-বৃষ্টি নিয়্যা এত ভয় পাওয়া লাগত না।’
স্থানীয় সার ব্যবসায়ী ও পরিবহন ঠিকাদার বলেন, কয়েক বছর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তৎকালীন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ আরও কয়েকজন মন্ত্রী নগরবাড়ী ঘাট পরিদর্শন করে সেখানে বাফার গুদাম স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া সরকারি একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও সেখানে পরিদর্শন করে বাফার গুদাম স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। এ জন্য অর্থ বরাদ্দ হয়েছিল বলে জানা যায়। কিন্তু স্থান নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গুদাম নির্মাণের বিষয়টি একপর্যায়ে থেমে যায়।
নগরবাড়ী ঘাট নলখোলা বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সার ব্যবসায়ী ও সার পরিবহনের সঙ্গে যুক্ত এ এম রফিকউল্লাহ বলেন, ‘নগরবাড়ী ঘাট দেশের অন্যতম সার সরবরাহকেন্দ্র। এখানে একটি বাফার গুদামের প্রয়োজনীয়তা যে কত, তা বলে শেষ করা যাবে না। এখানে দেড় শতাধিক বেসরকারি গুদাম থাকলেও সেগুলোতে ইউরিয়া সার রাখা হয় না। ফলে গোটা উত্তরাঞ্চল ও টাঙ্গাইল জেলার জন্য এখানে জাহাজ থেকে যে পরিমাণ ইউরিয়া সার নামানো হয়, তার পুরোটাই নদীর তীরে খোলা জায়গায় নামিয়ে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হয়। পরিবহন-সংকটসহ নানা কারণে অনেক সময় দু-তিন মাস বা তারও বেশি সময় ধরে সারের বস্তা এভাবে ফেলে রাখতে হয়। বাফার গুদাম থাকলে খোলা আকাশের নিচে এভাবে সার ফেলে রাখতে হতো না।’
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ঈসমাইল হোসেন বলেন, ‘নগরবাড়ী ঘাটে বাফার গুদামের খুবই প্রয়োজন। আমার জানামতে, গুদাম নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। তারপরও তা নির্মাণ না হওয়াটা দুঃখজনক।’