খোলা আকাশের নিচে ২৫০০ টন ইউরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিআইসির ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ বাফার স্টক গুদামে স্থান সংকুলান না হওয়ায় গুদাম চত্বরে দেড় মাস ধরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে প্রায় আড়াই হাজার মেট্রিক টন ইউরিয়া সার। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
বিসিআইসির ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ বাফার স্টক গুদামে স্থান সংকুলান না হওয়ায় গুদাম চত্বরে দেড় মাস ধরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে প্রায় আড়াই হাজার মেট্রিক টন ইউরিয়া সার। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার স্টক (আপৎকালীন মজুত) গুদামে স্থান সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচে রাখা হয়েছে প্রায় আড়াই হাজার মেট্রিক টন ইউরিয়া সার। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এসব সার গুদামের বাইরে রয়েছে।
গুদাম কর্তৃপক্ষের দাবি, দুই জেলায় সারের চাহিদা বাড়ছে। তাই এখন প্রতিদিনই ডিলাররা সার নিয়ে যাচ্ছেন। আর বেশিদিন খোলা আকাশের নিচে সার থাকবে না।
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার গুদাম থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ১০ উপজেলার ১০৩ জন বিসিআইসি ডিলার এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড় চিনিকলের সাবজোন এলাকার আখচাষিদের ইউরিয়া সরবরাহ করা হয়।
গুদামের কারিগরি কর্মকর্তা জানান, এ গুদামে সাধারণ ও সর্বোচ্চ ধারণক্ষমতা যথাক্রমে সাড়ে সাত হাজার ও ১৫ হাজার মেট্রিক টন। ১৫ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত শিবগঞ্জ বাফার গুদামে ১৭ হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া মজুত ছিল। এর মধ্যে গুদামের ভেতরে ১৫ হাজার টন মজুত রাখা হয়। অবশিষ্ট সার জুনের প্রথম সপ্তাহ থেকেই গুদামের বাইরে খোলা আকাশের নিচে রাখা আছে।
জানা গেছে, ইউরিয়া সারের সংকট মোকাবিলায় এবার চীন, কাতার, কুয়েত, সৌদি আরব, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে ইউরিয়া সার আমদানি করে গুদামে মজুত করা হয়। মে মাসে প্রায় ১৯ হাজার মেট্রিক টন ইউরিয়া ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার গুদামে পৌঁছায়।
এদিকে সারের চাহিদা না থাকায় বিসিআইসি ডিলাররাও বাফার গুদাম থেকে সার তুলতে অনীহা প্রকাশ করছেন। জেলা বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক সামশুজ্জামান বলেন, ‘ইউরিয়া সার নাইট্রোজেনসমৃদ্ধ সার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকলে মান নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় সারের চাহিদাও নেই। তাই ডিলাররা সার তুলছেন না।’
পীরগঞ্জের বিসিআইসি ডিলার হাবিবুর রহমান বলেন, মে, জুন ও জুলাই মাসে সারের চাহিদা কম। বাফার গুদামের বাইরে রাখা সারের মান খারাপ হচ্ছে। এ ছাড়া বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে বস্তাপ্রতি দুই-তিন কেজি করে ওজনে কমে যাচ্ছে। সার আনতে গেলেই ওই খোলা জায়গার সার নিতে হচ্ছে। সব মিলিয়ে ব্যবসার ক্ষতি হচ্ছে।
বিসিআইসির শিবগঞ্জ বাফার গুদামের কারিগরি কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘প্রতিদিন ডিলাররা কিছু কিছু সার নিয়ে যাচ্ছেন। সামনে আমন ও শীতকালীন ফসলের জন্য সারের চাহিদা বাড়বে। আমার এখানকার খোলা জায়গার সার স্বল্প সময়েই শেষ হবে বলে আশা করি।’