খোলা আকাশের নিচে ৩৭ শ্রমিক পরিবার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারে শনিবার রাতে আগুনে পুড়ে গেছে ৩৭টি বসতঘর। খোলা আকাশের নিচে অবস্থান করছে আগুনে নিঃস্ব হয়ে পড়া পোশাক কারখানার ৩৭ শ্রমিক পরিবারের শতাধিক মানুষ।
আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, আগুনে চারটি বাড়ির ৩৭টি ঘর পুড়েছে। এর মধ্যে রমজান আলীর ১৯টি, ওহাব আলীর ৮টি, আসলামের ৯টি, শহীদুল্লাহর ১টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাত নয়টায় ওহাব আলীর বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা পঞ্চবটী শিল্পানগরের কারখানার শ্রমিক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোমতাজ আহম্মেদ জানান, ‘আগুনের কারণ জানতে ও ক্ষয়ক্ষতি নির্ধারণে আমরা কাজ করছি। রাস্তা ভাঙার কারণে পানিবাহী গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে পাশের একটি ডোবা থেকে পানির সংযোগ নিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’