খোলা আকাশের নিচেই পাঠদান ও পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার ৪৪ নম্বর পশ্চিম কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলার আকাশের নিচে মাটিতে পা​টি বিছিয়ে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। ১১ ডিসেম্বর তোলা l ছবি: প্রথম আলো
ভোলা সদর উপজেলার ৪৪ নম্বর পশ্চিম কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলার আকাশের নিচে মাটিতে পা​টি বিছিয়ে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। ১১ ডিসেম্বর তোলা l ছবি: প্রথম আলো

ভোলা সদর উপজেলার ৪৪ নম্বর পশ্চিম কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনটির বয়স ২১ বছর। নির্মাণের ১৫ বছরের মাথায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণার পরও পাঁচ বছর সেখানে পাঠদান-পরীক্ষা হয়েছে।
২০১৩ সালে ছাদের পলেস্তারা খসে দুজন ছাত্র আহত হলে সেখানে আর পাঠদান-পরীক্ষা হয়নি। এ অবস্থায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে পড়ছে ও পরীক্ষা দিচ্ছে।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা মাটিতে বসে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। নিচু হয়ে লিখতে তাদের কষ্ট হচ্ছে বলে কয়েকজন জানিয়েছে।
ইসমাইল, রাসেল, চৈতি, মুন্নি, জোবায়ের, বিল্লালসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, বর্ষার অধিকাংশ দিনই তাদের পাঠদান হয়নি। এখনো খোলা আকাশের নিচে পরীক্ষা ও পাঠদান চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক হাওলাদার বলেন, ১৯৯০-৯১ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থাকা অবস্থায় এখানে ভবন নির্মিত হয়। এর ১৫ বছরের মাথায় ২০০৮ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়। ছাদের পলেস্তারা খসে পড়ে ২০১৩ সালে চতুর্থ শ্রেণির দুজন ছাত্র আহত হয়। এর পর থেকে সবার সহযোগিতা নিয়ে একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। সেই ঘরেই বর্ষা মৌসুমে গাদাগাদি করে তিন শতাধিক শিক্ষার্থীকে বসিয়ে পড়ানো হয় ও পরীক্ষা নেওয়া হয়। শীত মৌসুমেও খোলা আকাশের নিচে পাঠদান-পরীক্ষা চলছে।
২০০৯ সাল থেকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে মৌখিকভাবে কয়েক দফায় বিষয়টি জানানো হয়েছে। কর্মকর্তারাও কয়েক দফায় এসে ছাত্রছাত্রী ও শিক্ষকদের দুর্ভোগের বিষয়টি দেখে গেছেন। তবে এতে কোনো ফল মেলেনি।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহনুর বেগম বলেন, ভবন ছাড়াও বিদ্যালয়ে নলকূপ ও শিশুদের খেলাধুলার সরঞ্জাম নেই। পাশাপাশি রয়েছে শিক্ষক-সংকট। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান করা প্রয়োজন।
ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার জমাদ্দার বলেন, নতুন ভবন নির্মাণের তালিকায় বিদ্যালয়টির নাম রয়েছে।
ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘ভবনটি দ্রুত নির্মাণের জন্য ঢাকায় চিঠি পাঠাব।’