খোলা জায়গায় গুঁড়া করা হচ্ছে মরিচ-হলুদ, অতিষ্ঠ মানুষ
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে খোলা জায়গায় মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। এই গুঁড়া পরিবেশ দূষণ করছে। এতে এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদ বলেন, খোলা জায়গায় দিনের বেলায় মরিচ ও হলুদ ভাঙানোর নিয়ম নেই। রাতের বেলায় ভাঙাতে হলে দোকান বন্ধ করে নিতে হবে। ব্যবসায়ীদের নিষেধ করার পরও তাঁরা দিনের বেলায় মরিচ ও হলুদ গুঁড়া করে যাচ্ছেন। ফলে পরিবেশ নষ্ট হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা বলেন, বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী ও পথচারীরা বলেন, পৌরসভা থেকে ব্যবসার ছাড়পত্র নিয়ে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় প্রধান সড়কে শংকর রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিল, রবি রাইস মিল, সাহা রাইস মিল ও শুভ রাইস মিল এবং বাজারের ভেতরে মিজান রাইস মিলে ধান ভানার পাশাপাশি ১৭-১৮ বছর ধরে মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। নিয়মের তোয়াক্কা না করে এ কাজ করায় বাতাসের সঙ্গে এই গুঁড়া মিশে পরিবেশ দূষণ করছে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি।
দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘দিন-রাত ২৪ ঘণ্টা এখানে মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। এসব কল বন্ধ করার জন্য একাধিকবার অভিযোগ করেছি। জনপ্রতিনিধিদের উদ্যোগে কিছুদিন এ কাজ বন্ধ ছিল। এখন আবার একই অবস্থা।’
পৌরসভা সূত্র জানায়, ২০১৩ সালের ১১ অক্টোবর প্রথম আলোয় ‘মরিচ ও হলুদের গুঁড়ার ঝাঁজে অতিষ্ঠ পৌরবাসী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর উপজেলা চেয়ারম্যান, মেয়র ও প্রশাসনের উদ্যোগে দিনের বেলায় মরিচ ও হলুদ ভাঙানো বন্ধ হয়। কিন্তু এর ছয় মাস না যেতেই আবার দিনের বেলায় মরিচ ও হলুদ গুঁড়া করা শুরু হয়। সম্প্রতি সরেজমিনেও এর সত্যতা পাওয়া গেছে।
রবি রাইস মিলের মালিক রবি চৌধুরী বলেন, লোকজন দিনের বেলা এনেই সঙ্গে সঙ্গে মরিচ ও হলুদ গুঁড়া করে দিতে বলেন। তাই বাধ্য হয়ে গুঁড়া করতে হয়।
সাহা রাইস মিলের মালিক রতন সাহা বলেন, ‘পৌরসভার লাইসেন্স নিয়া দীর্ঘদিন ধইরা মরিচ, হলুদ গুঁড়া করতাছি। দিনে বড় জুর ১৫ থেকে ২০ কেজি মরিচ হলুদ গুঁড়া করা অয়। কিছু না করলে চলমু কেমনে।’
মিজান রাইস মিলের মালিক ইসমাইল হোসেন বলেন, ‘দিনে তেমন কাজ অয় না। রাইতেই সাধারণত ভাঙাই। এতে মানুষের ক্ষতি অওয়ার কতা না।’ শংকর রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের মালিক সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘আমরা নিয়ম মেনে চলতে চাই। কিন্তু অন্য ব্যবসায়ীরা নিয়ম মানতে চান না। দিনে সবাই বন্ধ রাখলে আমিও বন্ধ রাখব।’
মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘আবাসিক এলাকায় মরিচ গুঁড়া করার জন্য পৌরসভা থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছিলাম। কিছুদিন তা বন্ধও ছিল। কিন্তু এখন কেউ নিয়ম মানছেন না।’